নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 376 বার পঠিত | পড়ুন মিনিটে
কক্সবাজার শহরের রুহুল আমিন স্টেডিয়ামের পূর্ব পাশে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় ছিনতাইকারীদের হামলায় এক যুবক গুরুতর আহত হয়েছেন।
গত রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনাটি ঘটে। আহত যুবকের নাম রিয়াজ (২২)। তিনি কক্সবাজার পৌরসভার ৮নং ওয়ার্ডের বৈদ্যের ঘোনার বাসিন্দা এরশাদ উল্লাহর ছেলে। এ ঘটনায় আহত রিয়াজ বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে ৭জনের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, ওই সময় রিয়াজ ফুটবল খেলা দেখতে স্টেডিয়ামের পূর্ব পার্শ্ব দিয়ে যাচ্ছিলেন। এসময় পৌরসভার মহাজের পাড়ার (১০নং ওয়ার্ড) হেলালের ছেলে শেফায়েত (২৪) ও মৃত মোস্তাকের ছেলে সোহেল (২৩) সহ আরও ৪/৫ জন অজ্ঞাত ছিনতাইকারী তার গতিরোধ করে। তাদের হাতে ছিল ধারালো ছোরা ও হাতুড়ি।
এজাহার সূত্রে আরও জানা যায়, প্রথমে শেফায়েত রিয়াজের ব্যবহৃত ওপ্পো এফ-২১ প্রো মডেলের মোবাইল ফোন (যার মূল্য প্রায় ২৮ হাজার ৫০০ টাকা) ছিনিয়ে নেয়। পরে সোহেল তার প্যান্টের পকেট থেকে নগদ ১৫ হাজার টাকা নিয়ে নেয়।
ছিনতাইয়ে বাধা দিতে গেলে আসামিরা তাকে কিল, ঘুষি ও লাথি মেরে নাকে, মুখে ও পিঠে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়দের সহায়তায় তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নেন।
ভুক্তভোগী রিয়াজ জানান, আসামিরা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী হিসেবে পরিচিত। এ ঘটনায় তিনি কক্সবাজার সদর মডেল থানায় এজাহার দায়ের করেছেন।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।