শফিকুর রহমান | মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 162 বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, মহেশখালী মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হলে দক্ষিণ চট্টগ্রাম দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হবে।
আজ সোমবার সকালে মাতারবাড়ি ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
ড. হামিদুর রহমান আযাদ বলেন,
“মহেশখালী মাস্টারপ্ল্যান শুধু একটি অবকাঠামোগত প্রকল্প নয়; এটি বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরের একটি নীলনকশা। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে মহেশখালী-কুতুবদিয়া অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন, বিদ্যুৎ উৎপাদন, বন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য এবং আন্তর্জাতিক বিনিয়োগ বহুগুণে বৃদ্ধি পাবে।”
তিনি আরও বলেন, মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর চালু হলে দেশের আমদানি-রপ্তানি খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, শিল্পপার্ক এবং উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে এই অঞ্চল জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
পথসভায় তিনি অভিযোগ করেন, কতিপয় সুযোগসন্ধানী সিন্ডিকেট সৃষ্টি করে স্থানীয় জনগণকে চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে। তিনি আশ্বাস দেন, নির্বাচিত হলে এসব অনিয়ম বন্ধ করা হবে এবং স্থানীয়দের অগ্রাধিকার ও যোগ্যতার ভিত্তিতে চাকরি নিশ্চিত করা হবে।
ড. হামিদুর রহমান আযাদ পান ও লবণচাষিদের ন্যায্য অধিকার নিশ্চিত করার কথাও তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে সিন্ডিকেটের কারণে পান ও লবণচাষিরা ন্যায্যমূল্য পাচ্ছে না। লবণকে শুধু আমদানিনির্ভর পণ্য নয়, বরং রপ্তানিযোগ্য পণ্য হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।
এ সময় তিনি সমুদ্রগামী জেলেদের হয়রানির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এসব হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
পথসভায় মাতারবাড়ি ইউনিয়ন সেক্রেটারি মো. বেলালের সঞ্চালনায় এবং ইউনিয়ন সভাপতি মো. সরওয়ারের সভাপতিত্বে উপজেলা উত্তর আমীর নজরুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।