মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
জানার তৃষ্ণায় ৭০ পেরোনো শংকর

জীবন কেটেছে কাঁচি হাতে, নেশা সংবাদপত্র

আব্দুল করিম   |   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   51 বার পঠিত   |   পড়ুন মিনিটে

জীবন কেটেছে কাঁচি হাতে, নেশা সংবাদপত্র

পর্যটন শহর কক্সবাজারের কলাতলী সৈকত পাড়া সরু পথ ধরে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ চোখ আটকে গেল এক সাধারণ অথচ অসাধারণ দৃশ্যে। পুরোনো একটি কাঠের চেয়ারে বসে আছেন এক বৃদ্ধ। হাতে একটি দৈনিক পত্রিকা। চারপাশের কোলাহল যেন তাঁর মনোযোগ ভাঙতে পারেনি। পত্রিকার প্রতিটি লাইন তিনি ধীরে ধীরে চোখ বুলিয়ে পড়ার চেষ্টা করছেন। প্রথমে ভেবেছিলাম, এ দৃশ্য তো নিত্যদিনের, চলে যাই। কিন্তু কয়েক পা এগিয়ে গিয়েও থেমে গেলাম। ফিরে এসে তাঁর অজান্তেই মুহূর্তটিকে ক্যামেরাবন্দি করলাম।

বৃদ্ধের নাম শংকর। পেশায় তিনি একজন নাপিত। বয়স ৭০-এর এপার কিংবা ওপার। জীবনের অধিকাংশ সময় মানুষের চুল-দাড়ি কেটে, ছোট্ট একটি দোকানে পরিশ্রম করেই কেটেছে তাঁর দিন। পড়ালেখার সুযোগ খুব বেশি হয়নি। তাই সাবলীলভাবে পত্রিকা পড়তে পারেন না। একটি শব্দ বুঝতে সময় লাগে, একটি বাক্য শেষ করতে আরও কিছুটা সময় লাগে। তবুও তাঁর আগ্রহে কোনো ঘাটতি নেই। তিনি নিয়মিত হাতে তুলে নেন ‘দেশ-বিদেশ’ পত্রিকা। সংবাদগুলো ধীরে ধীরে পড়েন। কোথাও আটকে গেলে আবার শুরু করেন। কারণ, তিনি বিশ্বাস করেন সবকিছু না বুঝলেও কিছু না কিছু তো জানা যায়। আর সেই জানার আনন্দই তাঁকে প্রতিদিন পত্রিকার পাতায় ফিরিয়ে আনে।

আজকের প্রযুক্তিনির্ভর সময়ে অনেক শিক্ষিত মানুষও খবর জানতে কয়েক মিনিট সময় ব্যয় করতে চান না। অথচ বয়সের ভারে নুয়ে পড়া, সীমিত শিক্ষায় শিক্ষিত একজন নাপিত খবরের কাগজকে জ্ঞানের জানালা হিসেবে আঁকড়ে ধরে আছেন। এটি জানার প্রতি তার এক অদম্য ভালোবাসার প্রতিচ্ছবি। শংকরের হাতে ধরা পত্রিকার পাতা যেন আমাদের নীরবে একটি প্রশ্ন ছুড়ে দেয়, শেখার জন্য আসলে কী প্রয়োজন? উচ্চশিক্ষা, নাকি শেখার ইচ্ছা? তাঁর জীবনের উত্তরটি খুবই সহজ। ইচ্ছা থাকলেই মানুষ প্রতিদিন নতুন কিছু জানতে পারে, নতুন কিছু শিখতে পারে।

নিরিবিলি পরিবেশে পুরোনো কাঠের চেয়ারে বসে সংবাদপত্রে ডুবে থাকা এই মানুষটি হয়তো কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নন, কোনো লেখকও নন। কিন্তু তিনি আমাদের শিখিয়ে দেন, জ্ঞান অর্জনের তৃষ্ণার কোনো বয়স নেই, কোনো পেশা নেই। বই কিংবা পত্রিকার সঙ্গে বন্ধুত্ব মানুষকে সবসময়ই সমৃদ্ধ করে।

হয়তো শংকরের নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে না। কিন্তু তাঁর এই অভ্যাস সমাজের জন্য এক নীরব বার্তা হয়ে থাকবে যে মানুষ শেখা বন্ধ করে না, সে কখনোই সত্যিকার অর্থে বৃদ্ধ হয় না।
পুরোনো সেই চেয়ার, হাতে ধরা ভাঁজ করা পত্রিকা আর মনোযোগী এক বৃদ্ধ দৃশ্যটি মনে করিয়ে দেয়, সভ্যতার সবচেয়ে বড় শক্তি এখনো মানুষের জানার আগ্রহ। আর সেই আগ্রহের নামই শংকর।

 

লেখক
আব্দুল করিম
স্টাফ রিপোর্টার
দৈনিক আজকের দেশবিদেশ।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com