সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

লামা হাসপাতালে অ্যাম্বুলেন্স আছে,সেবা নেই

বিপ্লব দাশ,লামা(বান্দরবান) প্রতিনিধিঃ   |   শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   116 বার পঠিত   |   পড়ুন মিনিটে

লামা হাসপাতালে অ্যাম্বুলেন্স আছে,সেবা নেই

বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্স সেবাটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। দুইটি অ্যাম্বুলেন্সই বর্তমানে বিকল ও মেরামত অযোগ্য অবস্থায় পড়ে থাকায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ফলে দুর্গম পাহাড়ি এলাকায় জরুরি প্রয়োজনে দ্রুত গাড়ি পাওয়া দুষ্কর হয়ে পড়েছে এবং রোগীরা উন্নত চিকিৎসা কেন্দ্রে সঠিক সময়ে পৌঁছাতে পারছে না।

সূত্রে ​জানা গেছে,লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুটি অ্যাম্বুলেন্সই বর্তমানে অচল। এর মধ্যে একটি গাড়ি গত কয়েকদিন কোনো রকম মেরামত করে চালানো হলেও বর্তমানে দুটিই হাসপাতালের গ্যারেজে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। অ্যাম্বুলেন্স দুটির নম্বর হলো-বান্দরবান ছ-৭১-০০০১ এবং ঢাকা মেট্রো ছ-৭১-১০৬১ এই গাড়ি দুটি যথাক্রমে ১৯৯৭ ও ২০০৯ সালে এই হাসপাতালে সেবা প্রদানের জন্য দেওয়া হয়েছিল।

​বান্দরবানের সবচেয়ে জনবহুল উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সটিই প্রায় তিন লাখ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা। লামা,আলীকদম ও চকরিয়া উপজেলার আংশিক এলাকার রোগীরা এখানে চিকিৎসা নিতে আসেন। হাসপাতাল সূত্রে জানা যায়,এখানে প্রতিদিন গড়ে বহির্বিভাগে ২৫০-৩৫০ জন, জরুরি বিভাগে ১৫০-২০০ জন এবং অন্তবিভাগে ৯০-১০০ জন রোগী চিকিৎসা নেন। এমন জনবহুল এলাকায় অ্যাম্বুলেন্স সেবা বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দা ও সেবা প্রত্যাশীরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত নতুন অ্যাম্বুলেন্স চালুর দাবি জানিয়েছেন।

​উপজেলার সদর ইউনিয়নের আল আমিন জানান, পাহাড়ি দুর্গম এলাকায় দ্রুত গাড়ি পাওয়া খুব কঠিন। অ্যাম্বুলেন্স না থাকায় সঠিক সময়ে চট্টগ্রাম বা কক্সবাজারে রোগী নেওয়া সম্ভব হচ্ছে না। এতে অনেকের জীবন ঝুঁকিতে পড়ছে।

​অ্যাম্বুলেন্স চালক মো. লায়েজ আহম্মদ ভূঁইয়া জানান, তিনি যোগদানের সময় একটি গাড়ি আগে থেকেই পরিত্যক্ত ছিল। অন্যটি বারবার মেরামত করে চালানো হলেও বর্তমানে সেটি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে।

উপজেলার বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে, একটি নতুন অ্যাম্বুলেন্স সরবরাহে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে অনুরোধ জানিয়ে চিঠি প্রেরণ করেছেন লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম। ​এ বিষয়ে তিনি আরো বলেন, “পুরোনো দুটি অ্যাম্বুলেন্স বেশ কয়েকবার মেরামত করা হয়েছে। মেকানিকরা জানিয়েছেন এগুলো এখন আর মেরামতযোগ্য নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যানকে লিখিতভাবে জানানো হয়েছে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com