| শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 94 বার পঠিত | পড়ুন মিনিটে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারে মাঠপর্যায়ে প্রচারণা জোরদার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই অংশ হিসেবে প্রচারণার দ্বিতীয় দিনে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কক্সবাজার বার-এর সিনিয়র আইনজীবী ও জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী। প্রধান বক্তা ছিলেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য প্রার্থী শহীদুল আলম বাহাদুর। সভাপতিত্ব করেন রামু উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু নাইম মুহাম্মদ হারুন।
প্রধান বক্তার বক্তব্যে শহীদুল আলম বাহাদুর বলেন, কক্সবাজারের মানুষের দীর্ঘদিনের দাবি চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করা। জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে এই মহাসড়ককে আধুনিক ও নিরাপদ ছয় লেনের মহাসড়কে রূপান্তর করা হবে।
তিনি আরও বলেন, বর্তমানে একটি মহল তথাকথিত ফ্যামিলি কার্ড দিয়ে মানুষকে প্রতারিত করছে। এসব প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। জামায়াত ক্ষমতায় এলে কোনো ভিক্ষা নয়, মানুষের মৌলিক অধিকার রাষ্ট্রের পক্ষ থেকেই নিশ্চিত করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী বলেন, দেশে সুশাসনের অভাবে চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতি বেড়ে গেছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে। তিনি জামায়াতের প্রার্থীদের পক্ষে জনসমর্থন কামনা করেন।
পথসভা ও গণসংযোগে স্থানীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিভিন্ন স্থানে প্রার্থীর সঙ্গে কুশল বিনিময় ও সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে ভোটারদের কাছে জামায়াতের কর্মসূচি তুলে ধরা হয়।