শওকত ইসলাম-রামু:: | রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 148 বার পঠিত | পড়ুন মিনিটে
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রামু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফজলে রাব্বানী চৌধুরী রামুর ঈদগড়, গর্জনিয়া, কচ্ছপিয়া ইউনিয়নসহ মোট ১১টি ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।
রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে দিনব্যাপী এসব কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়ন এবং মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বপ্রাপ্তি পরিস্থিতি খতিয়ে দেখেন।
পরিদর্শন শেষে ইউএনও মো. ফজলে রাব্বানী চৌধুরী কালের কণ্ঠ কে বলেন, “নির্বাচনকে শান্তিপূর্ণ, সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে। ভোটারদের সচেতনতা বাড়াতে প্রচারণা কার্যক্রমও পরিচালনা করা হবে। প্রশাসন নিরপেক্ষ ও কঠোর অবস্থানে থাকবে।”
তিনি ঈদগড় এলাকার চারটি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ঈদগড় ইউপি চেয়ারম্যান জসীম উদ্দীন, ঈদগড় পুলিশ ইনচার্জ এসআই খোরশেদ আলম, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
ইউএনও আরো জানান, সবার সম্মিলিত প্রচেষ্টায় রামুতে একটি অংশগ্রহণমূলক, উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদী।