এম ফেরদৌস | বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 65 বার পঠিত | পড়ুন মিনিটে
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ঘরে ঢুকে তপসি দাস (৪২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর পালানোর চেষ্টাকালে স্থানীয় জনতার সহযোগিতায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (আজ) বেলা আনুমানিক ১১টার দিকে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের কুমিরার ছড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত তপসি দাস ওই এলাকার প্রবাদ দাসের স্ত্রী। আটক ব্যক্তি কালীচরণ দাস (৩৫) একই এলাকার শুক্কুর দাসের ছেলে এবং নিহতের চাচাতো ভাই বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, প্রতিদিনের মতো নিজ ঘরে কাজ করছিলেন তপসি দাস। হঠাৎ করে তার চাচাতো ভাই কালীচরণ দাস ঘরে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই সে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। গুরুতর আহত অবস্থায় তপসি দাস ঘটনাস্থলেই প্রাণ হারান।
ঘটনার সময় আশপাশের লোকজনের চিৎকারে এলাকাবাসী ছুটে এলে অভিযুক্ত কালীচরণ দাস পালিয়ে যায়। পরে স্টিমারঘাট এলাকা থেকে জনতার সহায়তায় তাকে আটক করে কুতুবদিয়া থানা পুলিশ।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল হক জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অভিযুক্তকে আটক করে থানায় নেওয়া হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনার পর পুরো এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। স্বজনদের দাবি, দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হোক, যাতে এমন নৃশংস ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।