শওকত ইসলাম,রামু প্রতিনিধি | মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ | প্রিন্ট | 55 বার পঠিত | পড়ুন মিনিটে
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে উখিয়া থানার কোটবাজার এলাকা থেকে তাকে আটক করে। পরে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ৪ মার্চ রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে বেলাল উদ্দিন জিহাদ (২২) নামের এক যুবকের গলাকাটা ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জিহাদ রাজারকুল ইউনিয়নের হাজীপাড়ার বাসিন্দা এবং পেশায় টমটম চালক ছিলেন।
ঘটনার পর নিহতের পরিবার রামু থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় নিহতের স্ত্রী তাহেরা বেগম আঁখিকে প্রধান আসামি করা হয়। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
র্যাব জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই আসামিকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয় এবং ছায়াতদন্ত শুরু করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
গ্রেপ্তার হওয়া তাহেরা বেগম আঁখি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘টিকটকার’ হিসেবে পরিচিত ছিলেন।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, গ্রেপ্তারকৃত আসামিকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, গ্রেপ্তারকৃত আসামিকে র্যাব আমাদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।