| বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 56 বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশ বিমান বাহিনীর ১৩০তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্স (জেসিএসসি)-এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষণ সমাপ্তকারী কর্মকর্তাদের মাঝে সনদপত্র ও ট্রফি বিতরণ করেন। কোর্সে সর্বোচ্চ নৈপূন্য প্রদর্শনের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লীডার সাবিক–এন–আহমেদকে “বিমান বাহিনী প্রধানের ট্রফি” প্রদান করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে উত্তীর্ণ সকল কর্মকর্তাকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে পেশাগত দায়িত্ব পালনে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
উল্লেখ্য, এ কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ৩৮ জন কর্মকর্তা এবং ভারতীয় বিমান বাহিনীর একজন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থীদের অর্জিত কর্মলব্ধ জ্ঞান ও দক্ষতার মাধ্যমে সশস্ত্র বাহিনীর বিভিন্ন স্তরে কমান্ড, স্টাফ এবং নির্দেশনামূলক দায়িত্ব পালনে সক্ষম করে তুলতেই এ কোর্সটি বিশেষভাবে পরিকল্পিত ও পরিচালিত হয়।
সমাপনী অনুষ্ঠানে বিমান সদরসহ সংশ্লিষ্ট ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষকগণ এবং কক্সবাজারের আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।