রবিবার ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
আগে আ. লীগের প্রচারণা, এখন বিএনপিপন্থি

নৌকায় ভোট চাওয়ার ভিডিও ভাইরাল, সাংবাদিকদের ‘রুখে দিতে হবে’ মন্তব্যে সমালোচনায় উখিয়া কৃষকদল নেতা

দেশবিদেশ ডেস্ক:   |   রবিবার, ৩১ মে ২০২৬   |   প্রিন্ট   |   19 বার পঠিত   |   পড়ুন মিনিটে

নৌকায় ভোট চাওয়ার ভিডিও ভাইরাল, সাংবাদিকদের ‘রুখে দিতে হবে’ মন্তব্যে সমালোচনায় উখিয়া কৃষকদল নেতা

পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে ভোট চাওয়ার একটি পুরোনো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাংবাদিকদের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন উখিয়া উপজেলা কৃষকদলের আহ্বায়ক মুনীর আহমদ। তার এ বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক মহলসহ রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

শনিবার (৩০ মে) বিকেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে উখিয়া উপজেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় মুনীর আহমদ বলেন, “ওসি সাহেব বলে সাংবাদিকদের জন্য আমরা কিছু করতে পারব না, ইউএনও সাহেব বলে সাংবাদিকদের জন্য কিছু করতে পারেন না। এসব সাংবাদিকদের রুখে দিতে হবে, না হলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। সাংবাদিকরা যদি প্রশাসন নিয়ন্ত্রণ করে, তাহলে আমাদের আর রাজনীতি করে লাভ নেই।”

বিএনপির সহযোগী সংগঠনের একজন দায়িত্বশীল নেতার মুখে এমন বক্তব্যকে স্থানীয় সাংবাদিকরা ‘হুমকিমূলক’ হিসেবে আখ্যায়িত করেছেন।

জানা গেছে, ২০২১ সালে হলদিয়াপালং ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলমের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন মুনীর আহমদ। সম্প্রতি সেই সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন যোগ্য প্রার্থী জননেতা অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলমের হাতে নৌকা প্রতীক তুলে দিয়েছেন। নৌকা প্রতীকে ভোট দিয়ে আমরা গতবারের মতো এবারও তাকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ।”

ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে মুনীর আহমদ সাংবাদিকদের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন বলে অভিযোগ উঠেছে।

এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিএনপির নেতাকর্মীদের মধ্যেও আলোচনা শুরু হয়। অনেকেই প্রশ্ন তুলেছেন, আওয়ামী লীগের পক্ষে সক্রিয় প্রচারণায় অংশ নেওয়া একজন ব্যক্তি কীভাবে বর্তমানে উপজেলা কৃষকদলের শীর্ষ পদে রয়েছেন।

উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জসিম আজাদ বলেন, “১৭ বছর আওয়ামী লীগের সুবিধা ভোগ করে নৌকার পক্ষে কাজ করেছেন মুনীর আহমদ। আওয়ামী সরকারের পতনের পর তিনি উপজেলা কৃষকদলের আহ্বায়ক হয়েছেন। সাংবাদিকরা বিষয়টি তুলে ধরায় তিনি ক্ষুব্ধ হয়েছেন। তার এ ধরনের আচরণ নিন্দনীয়। আমরা আশা করি তিনি বক্তব্যের জন্য ক্ষমা চাইবেন এবং দল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে।”

উখিয়া উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক মাসুম সিরাজী বলেন, “মনির ভাইকে কখনো বিরোধী দলের কঠিন সংগ্রাম কিংবা প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে দেখা যায়নি। তিনি সবসময় ক্ষমতাসীন বলয়ের রাজনীতির সঙ্গেই সম্পৃক্ত ছিলেন।”

তিনি আরও বলেন, “মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের মর্যাদা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে। ব্যক্তি বা গোষ্ঠী যেই হোক না কেন, সাংবাদিকদের সম্মানহানিকর বক্তব্য থেকে বিরত থাকা উচিত।”

এ বিষয়ে বক্তব্য জানতে মুনীর আহমদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তথ্যসূত্র: ঢাকা পোস্ট

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com