সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
আসন্ন নির্বাচন ঘিরে মাঠপর্যায়ের নিরাপত্তা জোরদার

২ হাজার ৭৫৪ আনসার নিয়োগ দিচ্ছে ইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক   |   শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   76 বার পঠিত   |   পড়ুন মিনিটে

২ হাজার ৭৫৪ আনসার নিয়োগ দিচ্ছে ইসি

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মাঠপর্যায়ের নিরাপত্তা জোরদারে বড় সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দেশের ৪৫৯টি উপজেলা ও থানা নির্বাচন কার্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজার ৭৫৪ জন আনসার সদস্য নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ইসি সূত্র জানায়, নির্বাচনের সময় নির্বাচনি মালামাল সুরক্ষা এবং মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতে এই জনবল নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যে সেবা ক্রয়ের অনুমোদন দিয়ে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, আসন্ন নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ-এই তিন মাসের জন্য আনসার সদস্যদের নিয়োগ কার্যকর থাকবে। প্রস্তাবিত ৪৫৯টি উপজেলা বা থানা নির্বাচন অফিসের প্রতিটিতে ছয়জন করে আনসার সদস্য মোতায়েন করা হবে। ‘আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা, ২০২৫’ অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নির্বাচন কমিশনের মাঠপর্যায়ের কার্যালয়ে অগ্নিসংযোগ ও নাশকতামূলক ঘটনার প্রেক্ষিতেই এই নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসি। সংবেদনশীল নির্বাচনি সরঞ্জাম ও গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করাই এই নিয়োগের মূল উদ্দেশ্য।

নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। এরপর ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করতে পারবেন, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

এদিকে নির্বাচন কমিশনে বর্তমানে আপিল শুনানির কার্যক্রম চলছে, যা আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে ইসি।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com