উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি | শনিবার, ০৮ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 33 বার পঠিত | পড়ুন মিনিটে
পুলিশ ও ক্যাম্প সূত্রে জানা যায়, শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ক্যাম্পের নিয়মিত রোলকলে এএসআই রুবেল হোসেনকে অনুপস্থিত পাওয়া যায়। এরপর সহকর্মীরা ক্যাম্পের বিভিন্ন স্থানে তাঁর খোঁজ করেন। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
শনিবার ভোর আনুমানিক ৫টার দিকে ক্যাম্পের বাবুর্চি শরীফ রান্নার কাজে ওয়াশরুমের কাছে গেলে দরজাটি ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকি ও দরজায় ধাক্কা দেওয়ার পরও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিলে ভেতরে একজনকে পড়ে থাকতে দেখা যায়। পরে বিষয়টি ক্যাম্পের পুলিশ সদস্যদের জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে ওয়াশরুমের ভেতরে রুবেল হোসেনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে ১৪ এপিবিএনের অধিনায়ক সিরাজ আমিন, সংশ্লিষ্ট চিকিৎসক এবং উখিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে সবার উপস্থিতিতে ওয়াশরুমের দরজা কেটে ভেতরে প্রবেশ করে এএসআই রুবেল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারের সময় ওয়াশরুমের ভেতর থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন, গোসলের তোয়ালে, টর্চলাইট ও সিগারেট উদ্ধার করা হয়েছে।
১৪ এপিবিএন সূত্র জানায়, চিকিৎসকের প্রাথমিক পর্যবেক্ষণ ও ঘটনাস্থলের পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় ধারণা করা হচ্ছে, ওয়াশরুম ব্যবহারের সময় তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।