নিজস্ব প্রতিনিধিঃ | সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 88 বার পঠিত | পড়ুন মিনিটে
আহত অবস্থা সদর হাসপাতালে আনার পর ছবি
কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের পশ্চিম মাঝেরপাড়া এলাকায় মাছের ঘের দখলকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আনোয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধা আহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
রোববার (৫ এপ্রিল) মধ্যরাতে এ ঘটনা ঘটে। আহত অন্যরা হলেন- হাসিনা বেগম (৪০), রাজিয়া বেগম (৩৫) ও তনজিয়া আক্তার (১৭)। তারা সবাই একই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাছের ঘের নিয়ে বিরোধ চলছিল। এর জেরে রোববার রাতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় গোলাগুলির ঘটনা ঘটে, এতে আনোয়ারা বেগম গুলিবিদ্ধ হন এবং আরও কয়েকজন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।
বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন জানান, মাছের ঘের দখলকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক বৃদ্ধা গুলিবিদ্ধ হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। ভুক্তভোগীরা অভিযোগ দায়ের করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ তৎপর রয়েছে।