কুতুবদিয়া প্রতিনিধিঃ | শনিবার, ২০ জুন ২০২৬ | প্রিন্ট | 28 বার পঠিত | পড়ুন মিনিটে
কক্সবাজারের কুতুবদিয়ায় জায়গা জমি বিরোধের জের ধরে করায় ব্যবসায়ীর দোকান ভাঙচুর ও মালামাল লুটপাটসহ নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার (১৮-জুন) সকাল নয়টার দিকে উপজেলার আকবর বলী পাড়া সুইচ গেইট সংলগ্ন বেড়িবাঁধের উপরে ঘটনাটি ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুর রশিদ বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখ করে কুতুবদিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত বাহাদুর ও আব্দুর রহিম প্রকাশ লইক্যা জলদস্যু হিসেবে প্রশাসন ও এলাকায় ব্যাপক পরিচিত। তাদের অত্যাচার-নির্যাতনে সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারে না। ভুক্তভোগী ব্যবসায়ী গত তিন বছরের বাকিতে মালামাল বিক্রির টাকা চাওয়ায় অভিযুক্তরা টাকা পরিশোধ না করে উল্টো হুমকি ধমকি প্রদর্শন করে। এ অভিযোগে জান-মাল নিরাপত্তার জন্য অভিযুক্তদের বিরুদ্ধে মাসখানেক পূর্বে কুতুবদিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী ব্যবসায়ী রশিদ।
তিনি বলেন, ওই সাধারণ ডায়েরির বিষয়ে অবগত হলে গতকাল বৃহস্পতিবার সকালে অভিযুক্তরা সঙ্গবদ্ধ হয়ে দোকানের ঘেরাবেড়া ভাঙচুর ও মালামাল ছড়িয়ে ছিটিয়ে ফেলে। এতে বাধা দিলে ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে ব্যাপক মারধর করে ক্যাশ বক্স থেকে নগদ টাকা ছিনিয়ে নেয়।
তবে ঘটনার বিষয়টি অস্বীকার করেন অভিযুক্তরা। দাবি, দীর্ঘদিনের জায়গা জমির বিরোধ নিয়ে তাদের ফাঁসানোর চেষ্টা চলছে।
এদিকে দোকানের ঘেরাবেড়া ও ক্যাশ বক্স ক্ষতিগ্রস্তসহ ব্যবসায়ী আহতের বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানার উপ-পরিদর্শক (এস,আই) মোখলেছুর রহমান। অধিকতর তদন্ত সাপেক্ষে ভুক্তভোগী ব্যবসায়ীর অভিযোগের বিষয়ে যথা ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।