শফিকুর রহমান | বুধবার, ০৮ জুলাই ২০২৬ | প্রিন্ট | 76 বার পঠিত | পড়ুন মিনিটে
বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বস প্রকাশিত সর্বশেষ তালিকা অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০ ফুটবলারের সম্মিলিত আয় প্রায় ৯৪৫ মিলিয়ন মার্কিন ডলার। তালিকার শীর্ষে রয়েছেন পর্তুগালের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি আরবের ক্লাব আল নাসরের এই ফরোয়ার্ড বছরে আয় করেন প্রায় ২৮০ মিলিয়ন ডলার, যার মধ্যে মাঠের পারফরম্যান্স থেকে আসে প্রায় ২৩ কোটি ডলার এবং মাঠের বাইরের বিভিন্ন বাণিজ্যিক চুক্তি থেকে আসে আরও ৫ কোটি ডলার।
দ্বিতীয় স্থানে আছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলা এই তারকার বার্ষিক মোট আয় প্রায় ১৩০ মিলিয়ন ডলার। মাঠ থেকে আয় করেন প্রায় ৬ কোটি ডলার, আর বিজ্ঞাপন ও স্পনসরশিপসহ অন্যান্য উৎস থেকে আয় করেন প্রায় ৭ কোটি ডলার।
তৃতীয় স্থানে রয়েছেন ফরাসি তারকা করিম বেনজেমা। সৌদি আরবের আল ইত্তিহাদের এই স্ট্রাইকারের বার্ষিক আয় প্রায় ১০৪ মিলিয়ন ডলার। এর মধ্যে প্রায় ১০ কোটি ডলার আসে ক্লাব থেকে এবং বাকি ৪ মিলিয়ন ডলার বিভিন্ন বাণিজ্যিক চুক্তি থেকে।
চতুর্থ স্থানে আছেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের এই ফরাসি ফরোয়ার্ডের বার্ষিক আয় প্রায় ৯৫ মিলিয়ন ডলার। এর মধ্যে মাঠ থেকে আয় ৭ কোটি ডলার এবং মাঠের বাইরে ২ কোটি ৫০ লাখ ডলার।
পঞ্চম স্থানে রয়েছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান গোলমেশিন আর্লিং হলান্ড। তার মোট বার্ষিক আয় প্রায় ৮০ মিলিয়ন ডলার। মাঠের পারিশ্রমিক ৬ কোটি ডলার, আর স্পনসরশিপ ও বিজ্ঞাপন থেকে আয় ২ কোটি ডলার।
ষষ্ঠ স্থানে থাকা রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র বছরে আয় করেন প্রায় ৬০ মিলিয়ন ডলার। এর মধ্যে মাঠের আয় ৪ কোটি ডলার এবং মাঠের বাইরের আয় ২ কোটি ডলার।
সপ্তম স্থানে রয়েছেন লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। তার মোট বার্ষিক আয় প্রায় ৫৫ মিলিয়ন ডলার। মাঠের পারিশ্রমিক ৩ কোটি ৫০ লাখ ডলার এবং মাঠের বাইরের আয় ২ কোটি ডলার।
অষ্টম স্থানে আছেন সৌদি আরবের আল নাসরের সেনেগালিজ তারকা সাদিও মানে। বছরে তার মোট আয় প্রায় ৫৪ মিলিয়ন ডলার। এর মধ্যে মাঠ থেকে আয় ৪ কোটি ৮০ লাখ ডলার এবং মাঠের বাইরে ৬ মিলিয়ন ডলার।
নবম স্থানে রয়েছেন রিয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। তার মোট আয় প্রায় ৪৪ মিলিয়ন ডলার। মাঠ থেকে আয় ২ কোটি ৯০ লাখ ডলার, আর বাণিজ্যিক চুক্তি থেকে ১ কোটি ৫০ লাখ ডলার।
তালিকার দশম স্থানে জায়গা করে নিয়েছেন বার্সেলোনার স্প্যানিশ তরুণ তারকা লামিন ইয়ামাল। মাত্র অল্প বয়সেই তিনি বছরে প্রায় ৪৩ মিলিয়ন ডলার আয় করছেন। এর মধ্যে মাঠ থেকে আয় ১ কোটি ৮০ লাখ ডলার এবং মাঠের বাইরের আয় ২ কোটি ৫০ লাখ ডলার।
বিশ্লেষকদের মতে, আধুনিক ফুটবলে একজন তারকা ফুটবলারের আয়ের বড় অংশ এখন আর শুধু ক্লাবের বেতন নয়। বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে বিজ্ঞাপন চুক্তি, স্পনসরশিপ, সামাজিক যোগাযোগমাধ্যম, ইমেজ রাইটস এবং ব্যক্তিগত ব্যবসা থেকেও তারা বিপুল অর্থ আয় করেন। এ কারণেই বর্তমানে বিশ্বের শীর্ষ ফুটবলাররা কেবল ক্রীড়াবিদ নন, তারা একেকজন বৈশ্বিক ব্র্যান্ডে পরিণত হয়েছেন।
সুত্র- ফোর্বস