দেশবিদেশ ডেস্কঃ | বুধবার, ০৮ জুলাই ২০২৬ | প্রিন্ট | 16 বার পঠিত | পড়ুন মিনিটে
ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই শেষ। ফ্রান্স ও মরক্কোর ম্যাচ দিয়ে বৃহস্পতিবার রাত থেকে শুরু কোয়ার্টার ফাইনালের মহারণ। টুর্নামেন্টের শেষ সময়ে যেখানে টিকিটের মূল্য আকাশচুম্বী হওয়ার কথা সেখানে দামের ব্যাপক হ্রাস পেয়েছে।
টিকিট বিক্রির সেকেন্ডারি মার্কেটপ্লেস টিকপিক-এর তথ্য অনুযায়ী, শুক্রবার স্পেন ও বেলজিয়াম ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম যেখানে প্রায় ২,৯৫০ ডলার (প্রায় সাড়ে ৩ লাখ টাকা) ছিল, তা নাটকীয়ভাবে কমে প্রায় ১,২০০ ডলারে (প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা) নেমে এসেছে।
টিকিটের দামে এই বড় ধসের পেছনে মূল কারণ শেষ-১৬-র ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৪-১ ব্যবধানের বড় হার। এই হারের ফলে সহ-আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ মিশন শেষ হয়ে যায়। কোয়ার্টার ফাইনালে স্বাগতিক দেশ থাকলে টিকিটের যে আকাশচুম্বী চাহিদা ও উন্মাদনা থাকত, তা এখন অনেকটাই স্তিমিত।
দাম কমার পেছনে আরেকটি বড় কারণ পর্তুগালের বিদায়। শেষ ১৬-র ম্যাচে পর্তুগালকে ১-০ ব্যবধানে হারিয়ে দেয় স্পেন। এই হারে শেষ হয়েছে ক্রিস্তিয়ানো রোনালদোর বিশ্বকাপ ক্যারিয়ারের। সেই সঙ্গে টুর্নামেন্টের অন্যতম বড় বৈশ্বিক আকর্ষণকেও নকআউট পর্ব থেকে ছিটকে দিয়েছে।
ফুটবলপ্রেমীদের আশা ছিল কোয়ার্টার ফাইনালে হয়তো যুক্তরাষ্ট্র ও পর্তুগালের দেখা হবে। যা রোনালদো ও স্বাগতিক দেশের উপস্থিতির কারণে টিকিটের চাহিদাকে রেকর্ড পর্যায়ে নিয়ে যেত।
এদিকে ফক্সবরোর বস্টন স্টেডিয়ামে হতে যাওয়া ফ্রান্স ও মরক্কোর কোয়ার্টার ফাইনালের টিকিট বর্তমানে সেকেন্ডারি মার্কেটে সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে। টিকপিক-এর মতে, এই ম্যাচের টিকিট মিলছে মাত্র ৯৮৯ ডলার থেকে।
দিদিয়ের দেশমের ফ্রান্স শেষ ১৬-র ম্যাচে প্যারাগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টারে উঠেছে। তাদের প্রতিপক্ষ মরক্কো আরেক সহ-আয়োজক কানাডাকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে শেষ-আট নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টারে এসেছে বেলজিয়াম। তাদের প্রতিপক্ষ স্পেন চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র দল যারা কোনো গোল হজম করেনি।
শনিবার দিবাগত রাতে তৃতীয় কোয়ার্টার ফাইনালে আর্লিং হলান্ডের নরওয়ের মুখোমুখি হবে হ্যারি কেইনের ইংল্যান্ড। পরদিন সকাল ৭টায় দ্বিতীয় ও শেষ কোয়ার্টার ফাইনালে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইজারল্যান্ড।