শুক্রবার ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

হেলসিঙ্কির আকাশে রহস্যময় ড্রোন, সতর্ক অবস্থায় ফিনল্যান্ড

জামান সরকার, হেলসিঙ্কি থেকেঃ   |   শুক্রবার, ১৫ মে ২০২৬   |   প্রিন্ট   |   10 বার পঠিত   |   পড়ুন মিনিটে

হেলসিঙ্কির আকাশে রহস্যময় ড্রোন, সতর্ক অবস্থায় ফিনল্যান্ড

ফিনল্যান্ডের বৃহত্তর রাজধানী হেলসিংকি অঞ্চলে শুক্রবার ভোরে সম্ভাব্য ড্রোন অনুপ্রবেশকে কেন্দ্র করে চরম সতর্কতা জারি করে দেশটির কর্তৃপক্ষ। পরিস্থিতি মোকাবিলায় প্রায় তিন ঘণ্টা ধরে চলেছে জরুরি নিরাপত্তা ব্যবস্থা। এ সময় সাধারণ মানুষকে ঘরের ভিতরে অবস্থান করার নির্দেশ দেওয়া হয় এবং হেলসিংকি-ভানতা বিমানবন্দরের বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পাশাপাশি সমুদ্রপথের চলাচলেও বিঘ্ন ঘটে।

শুক্রবার ভোর ৩টা ৪৭ মিনিটে প্রথম ড্রোন-সংক্রান্ত তথ্য পৌঁছায় ফিনল্যান্ডের পরিস্থিতি নিয়ন্ত্রণ কক্ষে। মাত্র দুই মিনিট পরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধার বিভাগ রাজধানী ও তার আশে পাশের অঞ্চলের জন্য বিপদসংকেত জারি করে। গণমাধ্যম ও ১১২ জরুরি অ্যাপের মাধ্যমে জনগণকে ঘরের ভিতরে থাকার নির্দেশ দেওয়া হয়।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী ভোর ৪টায় অস্থায়ী বিমান চলাচল নিষিদ্ধ এলাকা ঘোষণা করে। একই সময় হেলসিংকি-ভানতা বিমানবন্দরের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং ফিনল্যান্ড উপসাগরের জাহাজ চলাচলও পুনঃনির্দেশিত করা হয়।

পরে সকাল ৬টা ২৬ মিনিটে পুলিশ জানায়, দক্ষিণ ফিনল্যান্ডের আকাশে একাধিক মানববিহীন উড়োজাহাজ বা ড্রোনের উপস্থিতির তথ্য পাওয়া গেছে। যদিও সকাল ৭টা ৬ মিনিটে “বিপদ কেটে গেছে” বলে আনুষ্ঠানিক ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধার বিভাগের মহাপরিচালক কিম্মো কোহভাক্কা জানান, পুরো পদক্ষেপটি ছিল সতর্কতামূলক ব্যবস্থা। তিনি বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই দ্রুত এই ব্যবস্থা নেওয়া হয়েছিল।

এদিকে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী Petteri Orpo সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানান, পরিস্থিতি এখন নিরাপদ এবং মানুষ স্বাভাবিকভাবে স্কুল ও কর্মস্থলে যেতে পারবে। পরে তিনি রাজধানী হেলসিংকিতে এক সংবাদ সম্মেলনে পুরো ঘটনার বিষয়ে বিস্তারিত জানানোর কথা রয়েছে।

ঘটনার সময় ফিনিশ বিমানবাহিনীর হর্নেট যুদ্ধবিমান উসিমা অঞ্চল ও হেলসিংকির আকাশে টহল দেয়। যদিও বাস, মেট্রো ও ট্রাম চলাচল স্বাভাবিক ছিল, তবুও প্রায় ১০০টি বাস সার্ভিস বাতিল করা হয় বলে জানিয়েছে এইচএসএল কর্তৃপক্ষ।

এই ঘটনাকে কেন্দ্র করে ফিনল্যান্ডজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। দেশটির আইনশৃঙ্খলা ও প্রতিরক্ষা বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com