শফিকুর রহমান | সোমবার, ২৭ জুলাই ২০২৬ | প্রিন্ট | 29 বার পঠিত | পড়ুন মিনিটে
সোমবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। বন বিভাগের দাবি, সংরক্ষিত বনভূমিতে গড়ে তোলা অবৈধ পানের বরজ উচ্ছেদে আইনানুগ অভিযান পরিচালনার সময় একদল ভূমিদস্যু দেশীয় অস্ত্র নিয়ে বনকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়।
আহতরা হলেন পানেরছড়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও ফরেস্ট রেঞ্জার শরিফুল আলম, ফরেস্ট গার্ড হুমায়ুন কবির, বাগান মালি সাইদুল ইসলাম, বাগান মালি মো. সাজিদ এবং ইআরটি সদস্য মিজানুর রহমান। তাদের মধ্যে রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলমসহ তিনজনের শারীরিক অবস্থা গুরুতর। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হতে পারে।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংরক্ষিত বনভূমি রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে অবৈধ দখল উচ্ছেদে গেলে বনকর্মীদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়। হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, হামলার ঘটনায় পানেরছড়া সমিতিপাড়া ও দক্ষিণ মিঠাছড়ি এলাকার ৬ নম্বর ওয়ার্ডের নাজির (৫০), সাহাবউদ্দিন, জসিম ও আবদুল্লাহর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এছাড়া আরও কয়েকজন হামলায় অংশ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে।
বন বিভাগের একাধিক কর্মকর্তা জানান, সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করতে গেলেই একটি প্রভাবশালী চক্র বারবার হামলা, বাধা ও ভয়ভীতি প্রদর্শনের পথ বেছে নিচ্ছে। সর্বশেষ এই হামলার পর বনকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বনভূমি রক্ষায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জোরালো হয়েছে।