মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
অফিস আদেশ বাতিলের দাবি

উখিয়ায় দাখিল মাদ্রাসা স্থাপনে জাল দলিলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ   |   সোমবার, ২০ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   87 বার পঠিত   |   পড়ুন মিনিটে

উখিয়ায় দাখিল মাদ্রাসা স্থাপনে জাল দলিলের অভিযোগ

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মৌলভীপাড়া ইসলামিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে কেন্দ্র করে নামের সঙ্গে অমিল দলিলপত্র, জাল কাগজপত্র ও মিথ্যা তথ্য ব্যবহার করে একই বাউন্ডারির ভেতরে দাখিল মাদ্রাসা স্থাপনের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নীতিমালা লঙ্ঘন করে অবকাঠামো, জমি, শিক্ষক ও শিক্ষার্থীর নির্ধারিত শর্ত পূরণ না করেই গোপনে দাখিল মাদ্রাসা স্থাপনের অনুমোদন নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিষয়টি তদন্ত এবং সংশ্লিষ্ট অফিস আদেশ বাতিলের দাবিতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মৌলভীপাড়া ইসলামিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা (রেজিস্ট্রেশন নং- ৫৩৯৮৭, ইআইআইএন নং- ৮০০৭৬৮, ইএমআইএস কোড- ৪১২০১০৩১২) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন একটি স্বীকৃতিপ্রাপ্ত রেজিস্টার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা। দেশের ৪ হাজার ৪২৫টি রেজিস্টার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার তালিকায় এটি অন্তর্ভুক্ত এবং বর্তমানে সরকারি বিভিন্ন অনুদান ও উন্নয়ন প্রকল্পের আওতায় রয়েছে।

অভিযোগে বলা হয়, একই বাউন্ডারির মধ্যে অবস্থিত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জমিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা-২০২৫ নীতিমালা অনুসরণ না করে “ইসলামিয়া মাদ্রাসা” নামে রেকর্ডভুক্ত নয় এমন প্রতিষ্ঠানের কাগজপত্র, জাল দলিল ও খতিয়ান ব্যবহার করা হয়েছে। পাশাপাশি অবকাঠামো, শিক্ষক ও শিক্ষার্থীর নির্ধারিত শর্ত পূরণ না হলেও পরিদর্শন প্রতিবেদনে অসত্য ও ভুয়া তথ্য উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, ইসলামিয়া মাদ্রাসার নামে নামজারিকৃত খতিয়ানের দাগ নম্বর ১১৫৪, ১১৫৫ ও ২৯৫০ ব্যবহার করে বর্তমান ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মৌলভী সুরুত আলম নিজেকে দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা হিসেবে দেখিয়ে একই স্থানে “মৌলভীপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা” প্রতিষ্ঠা করেছেন। অভিযোগকারীদের দাবি, ব্যবহৃত দলিলপত্রের নামের সঙ্গে প্রতিষ্ঠানের নামের মিল নেই।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, রেজিস্টার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক দিয়েই দাখিল স্তরের ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠদান পরিচালনা করা হচ্ছে। একই বাউন্ডারিতে পৃথক দাখিল মাদ্রাসা স্থাপনের ক্ষেত্রে নীতিমালার ধারা-৪.১ এবং পরিশিষ্ট ‘ক’, ‘খ’ ও ‘গ’ অনুসরণ করা হয়নি। জমির বৈধতা ও অন্যান্য শর্ত পূরণ না করেই মিথ্যা তথ্যের ভিত্তিতে দাখিল মাদ্রাসা স্থাপনের অফিস আদেশ নেওয়া হয়েছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন।

এ বিষয়ে অভিযোগকারীরা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা এবং সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেন। তাদের দাবি, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দাখিল মাদ্রাসার সব ধরনের কার্যক্রম স্থগিত রেখে প্রদত্ত অফিস আদেশ বাতিল করতে হবে।

এদিকে, স্থানীয় এলাকাবাসীও ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই এবং অনিয়ম প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক মৌলভী সুরুত আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তবে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ক্লাস পরিচালনার জন্য সরকার কোন শিক্ষক নিয়োগ দেয়নি বলে স্বীকার করেন তিনি। তাই আপাতত খন্ডকালীন শিক্ষক নিয়োগের মাধ্যমে ক্লাস পরিচালনার কথা স্বীকার করেন। তিনি আরও বলেন, ইবতেদায়ী মাদ্রাসার দলিল ইবতেদায়ী মাদ্রাসার নামেই আছে, তবে দাখিল মাদ্রাসার দলিলের বিষয়ে কিছুই বলেন নী।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com