বৃহস্পতিবার ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কলাতলী মোড়ের বাম পাশে সওজের জায়গা দখল করে অবৈধ স্থাপনা

নিজস্ব প্রতিবেদকঃ   |   বুধবার, ২০ মে ২০২৬   |   প্রিন্ট   |   40 বার পঠিত   |   পড়ুন মিনিটে

কলাতলী মোড়ের বাম পাশে সওজের জায়গা দখল করে অবৈধ স্থাপনা

কক্সবাজার শহরের কলাতলী মোড়ের বাম পাশে সওজের অধিগ্রহণকৃত জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে বিভিন্ন অবৈধ স্থাপনা। ফলে নিত্যদিন লেগে থাকছে তীব্র যানজট। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শহরের বাসিন্দা ও আগত পর্যটকদের। এসব অবৈধ স্থাপনার কারণে পর্যটন শিল্পের সৌন্দর্য দিন দিন হারিয়ে যেতে বসেছে।

অবৈধ এসব স্থাপনার কারণে পর্যটক ও স্থানীয়দের চলাচলের পথ সংকীর্ণ ও অস্বস্তিকর হয়ে পড়েছে। একইসাথে এলাকায় সৃষ্টি হয়েছে নিরাপত্তাহীন পরিবেশ। ফলে দূরদূরান্ত থেকে আগত পর্যটকরা কক্সবাজার সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কলাতলী ডলফিন মোড় এলাকার সড়কের বাম পাশে কলাতলী রেস্তোরাঁর পর হতে সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন সরকারি জায়গার উপর কিছু স্বার্থান্বেষী মহল অবৈধভাবে দোকানপাট ও বাস কাউন্টার স্থাপন করে দীর্ঘদিন ধরে ভাড়া আদায় করে আসছে।

সওজ সূত্রে জানা যায়, সওজের আওতাধীন লিংক রোড হতে কলাতলী মোড় পর্যন্ত স্থাপিত অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য গত ২৮/০৮/২০২৫ ইং তারিখে ৩৫.০১.২২২৪.১৩২.২৫/৮৫৩ নম্বর স্মারকে নির্বাহী প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠি জেলা প্রশাসক, কক্সবাজার বরাবর প্রেরণ করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, সওজের অধিগ্রহণকৃত জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণের ফলে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং সওজের মূল্যবান সরকারি ভূমি বেহাত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একইসাথে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের লক্ষ্যে স্বল্প সময়ের মধ্যে সুবিধাজনক তারিখে অভিযান পরিচালনার জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সার্বিক আইনগত সহায়তা ও প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য প্রদানের জন্য জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানানো হয়েছে।

তবে অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হচ্ছে, ২০২৫ সালের আগস্ট মাসে উক্ত চিঠি প্রদান করা হলেও এখনো পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় থেকে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়নি। কেন এখনো পর্যন্ত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি, তা জনমনে প্রশ্নের সৃষ্টি করেছে এবং বিষয়টি সাধারণ মানুষের নিকট বোধগম্য হচ্ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক সওজের এক কর্মকর্তা জানান, কলাতলী মোড়ের বাম পাশে সওজের অধিগ্রহণকৃত জায়গার উপর স্থাপনা নির্মাণকারী দখলদারদের একাধিকবার মৌখিকভাবে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলেও তারা এখনো পর্যন্ত দখল ছাড়েনি। বরং সওজের নির্দেশনাকে উপেক্ষা করে কিছু স্বার্থান্বেষী মহল অবৈধভাবে সুবিধা ভোগ করে আসছে।

তিনি আরও বলেন, সরকারি সম্পদ রক্ষার্থে সম্মিলিতভাবে সবাই সোচ্চার হলে দখলদাররা অবৈধ স্থাপনা সরাতে বাধ্য হবে। পর্যটন ও স্থানীয় জনগণের স্বার্থে সড়কের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদপূর্বক সওজের জায়গা সওজকে ফিরিয়ে দেওয়া জরুরি।

সচেতন মহল মনে করেন, যত্রতত্র অবৈধ স্থাপনা শুধু সৌন্দর্য নষ্টই করে না, বরং জনদুর্ভোগ ও নিরাপত্তা ঝুঁকিও বাড়ায়। তাই কলাতলী মোড়ের যানজট নিরসন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পর্যটন এলাকার সৌন্দর্য ফিরিয়ে আনতে সওজের জায়গার উপর থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ এখন সময়ের দাবি।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com