নিজস্ব প্রতিবেদকঃ | মঙ্গলবার, ০২ জুন ২০২৬ | প্রিন্ট | 100 বার পঠিত | পড়ুন মিনিটে
ছবি- সুজন দে সুমন
এজাহার সূত্রে জানা যায়, কক্সবাজার পৌরসভার ঘোনারপাড়ার বাসিন্দা এবং নিউ নকশী গোল্ড ফ্যাশন জুয়েলার্সের ম্যানেজার ছোটন ধর গত ২ জুন বিকেল সাড়ে ৪টার দিকে প্রতিষ্ঠানের মালিকের নির্দেশে স্বর্ণ বিক্রির উদ্দেশ্যে শহরের ৩ নম্বর ওয়ার্ডের জলিল মার্কেটের দ্বিতীয় তলায় যান। তার সঙ্গে ২১ ক্যারেটের ১ ভরি ৮ আনা এবং ২২ ক্যারেটের ২ ভরি ৩ রত্তি স্বর্ণ ছিল, যার মোট ওজন ৩ ভরি ৮ আনা ৩ রত্তি এবং আনুমানিক মূল্য ৬ লাখ ৮০ হাজার টাকা।
অভিযোগে বলা হয়, আগে থেকেই ওৎ পেতে থাকা সুজন দে সুমন ও তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা ২-৩ জন ব্যক্তি ছিনতাইয়ের উদ্দেশ্যে ছোটন ধরের পথরোধ করে। একপর্যায়ে তারা তার পকেটে থাকা স্বর্ণ জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ছোটন ধর বাধা দিলে অজ্ঞাতনামা কয়েকজন তাকে পেছন থেকে চেপে ধরে রাখে এবং সুজন দে সুমন স্বর্ণ ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় ছোটন ধর প্রতিরোধ করলে সুজন দে সুমন তার চোখ লক্ষ্য করে ঘুষি মারেন। ঘুষির আঘাত তার পরিহিত চশমায় লেগে চোখের নিচে গুরুতর রক্তাক্ত জখম হয়।
পরে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সুযোগে অভিযুক্তরা তার পকেটে থাকা স্বর্ণ নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনাস্থলে উপস্থিত লোকজন আহত ছোটন ধরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা শেষে তিনি থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নেন। অভিযোগে সুজন দে সুমনের পাশাপাশি জসিম ওরফে মাইজ্যা এবং সায়েম নামে আরও দুজনকে শনাক্ত করার কথা উল্লেখ করা হয়েছে।
অভিযুক্তরা পালিয়ে যাওয়ার সময় বিষয়টি কাউকে জানালে কিংবা থানায় অভিযোগ করলে প্রাণনাশের হুমকিও দেয় বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।