| শনিবার, ২৯ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 25 বার পঠিত | পড়ুন মিনিটে
শনিবার (২৯ আগস্ট) দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাজ্জাদ। তিনি মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগের ১১তম ব্যাচের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
সাজ্জাদের জন্ম ২০০৪ সালের ২৯ আগস্ট চট্টগ্রাম নগরীর পশ্চিম মাদারবাড়ী এলাকায়। তার বাবার নাম মো. জসিম উদ্দিন। জীবনের ২২তম বছরে পা দেয়ার দিনটিই তার জীবনের শেষ দিন হয়ে এল। যে দিনটি অন্যদের কাছে আনন্দের, সেটিই তার পরিবার ও স্বজনদের কাছে হয়ে উঠল শোকের।
পরিবার ও সহপাঠীদের সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে ক্যানসারে আক্রান্ত হন সাজ্জাদ। প্রথমে একবার অপারেশন করা হলেও আবার ক্যানসার দেখা দেয়ায় প্রায় ছয় মাস আগে ভারতে অস্ত্রোপচারের মাধ্যমে তার একটি পা কেটে ফেলতে হয়। এরপর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন তিনি। কিন্তু পরবর্তীতে তার ফুসফুসে ক্যানসার শনাক্ত হয়। ২য় বার চিকিৎসার জন্য ভারতে গেলে চিকিৎসকরা জটিল অবস্থা দেখে তাকে বাংলাদেশে ফেরত পাঠান। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়।
অসুস্থতার মধ্যেও পড়াশোনা চালিয়ে যাওয়ার এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করেছেন সাজ্জাদ। নানা প্রতিকূলতার মধ্যেও সহপাঠীদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং স্বাভাবিক জীবনে ফেরার আশা করতেন। তার এই লড়াই কাছের মানুষদের কাছে ছিল অনুপ্রেরণার।
সহপাঠীরা জানান, সাজ্জাদ ছিলেন বন্ধুবৎসল ও প্রাণবন্ত। দীর্ঘদিন অসুস্থ থাকার পরও তার আচরণে জীবনের প্রতি টান ও ফিরে আসার আকাঙ্ক্ষা ছিল। পরিবারের পাশাপাশি তার চলে যাওয়ার খবর মেনে নিতে পারছেন না সহপাঠী ও বন্ধুরাও। সাজ্জাদের মৃত্যুতে মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগের সহপাঠী ও বন্ধুদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের কাছে সন্তান হারানোর বেদনা, বন্ধুদের কাছে প্রিয় মানুষকে হারানোর শূন্যতা সবকিছুকে আরও ভারী করে দিয়েছে জন্মদিনেই তার চলে যাওয়া।