শফিকুর রহমান | শনিবার, ২২ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 19 বার পঠিত | পড়ুন মিনিটে
কক্সবাজারের মহেশখালী উপজেলার পাহাড়ি সীমান্তবর্তী শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ি এলাকায় গোপন আস্তানায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় পরিচালিত বিশেষ অভিযানে এক নারীসহ সংঘবদ্ধ অপরাধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-ছোট মহেশখালী এলাকার রহমত উল্লাহ ও শাবনূর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রহমত উল্লাহ চুরি ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে। আর শাবনূর চোরাই মালামাল ও অস্ত্র তৈরির সরঞ্জাম সংরক্ষণে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে মিঠাছড়ি এলাকায় চুরির চেষ্টাকালে স্থানীয় জনতা রহমত উল্লাহকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে থানা পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি দুর্গম পাহাড়ি এলাকায় একটি আস্তানা থাকার তথ্য দেন।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় মহেশখালী থানা পুলিশ মিঠাছড়ি পাহাড়ি এলাকার একটি বসতঘরে অভিযান চালায়। এ সময় দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির বিপুল পরিমাণ যন্ত্রাংশ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানে শাবনূরকেও গ্রেপ্তার করা হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, উদ্ধার হওয়া সরঞ্জাম দিয়ে অস্ত্র তৈরি করে কোথায় সরবরাহ করা হতো এবং এর পেছনে কোনো বড় ধরনের সিন্ডিকেট রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধ দমনে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলেও জানান তিনি।
এদিকে স্থানীয়দের অভিযোগ, মিঠাছড়ির পাহাড়ি এলাকাকে কেন্দ্র করে নমি উদ্দিন ও মঈনা নামের দুই ভাইসহ একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে মাদক কারবার ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পলাতক সহযোগীদের গ্রেপ্তারে পাহাড়ি এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।