নিজস্ব প্রতিবেদকঃ | বুধবার, ২৯ জুলাই ২০২৬ | প্রিন্ট | 15 বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। তিনি দাবি করেছেন, মিয়ানমার বাংলাদেশ থেকে ৩ লাখ এবং মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে।
মালয়েশিয়ার ইংরেজি দৈনিক দ্য স্টার-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার (২৯ জুলাই) নেগেরি সেম্বিলানের জেলেবু এলাকায় স্থানীয় ভোটারদের সঙ্গে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আনোয়ার ইব্রাহিম বলেন, মিয়ানমারের সঙ্গে ধারাবাহিক কূটনৈতিক আলোচনার ফলেই এই সমঝোতা সম্ভব হয়েছে।
তিনি বলেন, “এ কারণেই মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক রাখা গুরুত্বপূর্ণ। তারা এখন মালয়েশিয়া থেকে ৫ হাজার এবং বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে। কেন? কারণ আমরা আলোচনা করেছি। এ ধরনের বিষয় সতর্ক কূটনীতির মাধ্যমেই সমাধান করতে হয়।”
আনোয়ার আরও বলেন, আগে অনেকেই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর দাবি তুললেও তা সম্ভব হয়নি, কারণ মিয়ানমার তাদের নাগরিকদের গ্রহণ করতে রাজি ছিল না।
তার ভাষায়, “মানুষ বলত, তাদের ফেরত পাঠাও। কিন্তু কোথায় পাঠাব? আগে তো মিয়ানমারই তাদের নিতে চাইত না। তাই আমাদের নির্ধারিত স্থানে তাদের রাখতে হয়েছে।”
একই সঙ্গে মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গাদের স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানান তিনি। জনসমাগমস্থল, সড়ক কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন।
তিনি জানান, এ ধরনের অভিযোগে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশটির পুলিশপ্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে।
বর্তমানে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বড় রোহিঙ্গা শরণার্থী জনগোষ্ঠীর আশ্রয়দাতা। কক্সবাজারের ৩৩টি শরণার্থী শিবির এবং ভাসানচরে মিলিয়ে প্রায় ১৫ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছেন। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের পর সবচেয়ে বড় ঢলে তারা বাংলাদেশে আশ্রয় নেয়।
যদিও বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একাধিকবার প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হয়েছে, নিরাপত্তা, নাগরিকত্বের নিশ্চয়তা এবং স্বেচ্ছায় প্রত্যাবাসনের অনুকূল পরিবেশের অভাবে এখন পর্যন্ত কোনো বৃহৎ পরিসরের প্রত্যাবাসন বাস্তবায়ন সম্ভব হয়নি