শনিবার ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

উখিয়ায় মাদকের টাকায় নিষিদ্ধ আ.লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত বহু মামলার আসামি জসিম

বার্তা পরিবেশক   |   শুক্রবার, ২৪ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   17 বার পঠিত   |   পড়ুন মিনিটে

উখিয়ায় মাদকের টাকায় নিষিদ্ধ আ.লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত বহু মামলার আসামি জসিম

* ২৩ জুন প্রকাশ্যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে ফেসবুকে প্রচার, গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয় বিএনপি নেতারা

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে অর্থায়ন ও সাংগঠনিক তৎপরতায় সম্পৃক্ত থাকার অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন যুবলীগ নেতা হিসেবে পরিচিত জসিম উদ্দিন। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক, হত্যা, হত্যা চেষ্টা, বনভূমি দখল ও অবৈধ সম্পদ অর্জনসহ একাধিক অভিযোগ রয়েছে। মাদকসহ বিভিন্ন ফৌজদারি মামলা থাকলেও তিনি প্রকাশ্যে চলাফেরা করছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির প্রচারণা চালাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ জুন পালংখালীসহ উখিয়ার বিভিন্ন এলাকায় জসিম উদ্দিনের অর্থায়নে নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। পরবর্তীতে ওই কর্মসূচির ছবি ও ভিডিও বার্তা ঢালাওভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

জানা গেছে, জসিম উদ্দিন পালংখালী ইউনিয়নের বাসিন্দা এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা ফজল কাদের চৌধুরী ভূট্টোর আত্মীয়। অতীতেও তিনি আওয়ামী লীগের বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

এদিকে দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অভিযোগে সন্ত্রাস দমন আইনে মামলা হওয়ার নজির থাকলেও জসিম উদ্দিনের বিরুদ্ধে এখনো কোনো মামলা বা আইনগত ব্যবস্থা না নেওয়ায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর নথি ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত এক যুগে জসিম উদ্দিনের বিরুদ্ধে মাদক, হত্যা, হত্যা চেষ্টা, সংঘবদ্ধ হামলা, ডাকাতি, ছিনতাই, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, অন্তত পাঁচটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি এবং আরও একটি মামলায় চার্জশিটভুক্ত আসামি। এসব মামলার মধ্যে রয়েছে দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা, একটি হত্যা মামলা এবং হত্যা চেষ্টা, সংঘবদ্ধ হামলা, গুরুতর জখম, ছিনতাই, ভাঙচুর ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের করা একাধিক ফৌজদারি মামলা।

সর্বশেষ ২০২৪ সালের ১৭ জানুয়ারি উখিয়া থানায় দায়ের হওয়া এফআইআর নং-৩৮ (জি আর নং-৩৮/২০২৪) মামলায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(গ)/৪১ ধারায় তাকে এজাহারভুক্ত আসামি করা হয়। পরবর্তীতে ২৮ এপ্রিল ২০২৪ তারিখে দাখিল করা চার্জশিট নং-২২০-এও তার নাম অন্তর্ভুক্ত করা হয়। এছাড়া ২৭ জানুয়ারি ২০২৪ তারিখে দায়ের হওয়া এফআইআর নং-৭০ (জি আর নং-৭০/২০২৪) মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৪২৭, ৫০৬ ও ৩৪ ধারায় তাকে অভিযুক্ত করা হয়। ওই মামলার তদন্ত শেষে ৩১ জুলাই ২০২৫ তারিখে দাখিল করা চার্জশিট নং-৩৩৩-এও তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

এর আগে ২৭ অক্টোবর ২০২০ তারিখে উখিয়া থানার এফআইআর নং-৬৩/৫২৫ মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯ ও ৫০৬ ধারায় তাকে আসামি করা হয়। এছাড়া ১৪ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে দায়ের হওয়া উখিয়া থানার এফআইআর নং-৮ (জি আর নং-২৯/২০১৬) মামলায় দণ্ডবিধির ৩০২, ২০১, ৩৪ ও ৫০৬(২) ধারায় হত্যা ও আলামত গোপনের অভিযোগে এবং ২৪ জানুয়ারি ২০১৬ তারিখে দায়ের হওয়া এফআইআর নং-১৪ (জি আর নং-১৪/২০১৬) মামলায় দণ্ডবিধির ৩৪১, ১৪৭, ১৪৮, ১৪৯, ৩২৩, ৩২৪, ৩০৭ ও ৫০৬(২) ধারায়ও তিনি এজাহারভুক্ত আসামি রয়েছেন।

শুধু উখিয়াতেই নয়, চট্টগ্রাম মহানগর পুলিশের কোতোয়ালী থানায় ২০১৩ সালের ৩০ আগস্ট দায়ের হওয়া এফআইআর নং-৬১/৫১১ মামলায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১)-এর ৯(খ) ধারায়ও তার বিরুদ্ধে মামলা হয়েছিল। এছাড়া উখিয়া থানার ২২ আগস্ট ২০২৩ তারিখের এফআইআর নং-৪৪ মামলায় দণ্ডবিধির ৩৯৪/৩৪ ধারায় দায়ের হওয়া মামলাতেও তিনি আসামি।

বালুখালী বাজার কমিটির সভাপতি আলমগীর অভিযোগ করেন, তার ওপর সংঘটিত হামলা ও হত্যা চেষ্টা মামলায় জসিম উদ্দিনকে এক নম্বর আসামি করা হয়েছে। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দার অভিযোগ, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার মাধ্যমে জসিম উদ্দিন বিপুল অর্থ-সম্পদের মালিক হয়েছেন। অল্প সময়ের ব্যবধানে তিনি একটি ডুপ্লেক্স বাড়ি, গাছের প্লট এবং একটি কার ওয়াশ ব্যবসার মালিক হয়েছেন। এ অবস্থায় স্থানীয়রা জসিম উদ্দিনের সম্পদের উৎস অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন (দুদক)সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানান তারা।

এদিকে উখিয়ার পালংখালীর বালুখালী শিয়ালিয়া এলাকায় সংরক্ষিত বনভূমিতে পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণের অভিযোগেও তিনি আলোচনায় আসেন। প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই পাহাড় কেটে ভবন নির্মাণ করা হচ্ছে। এ ঘটনায় বন বিভাগ তার বিরুদ্ধে মামলা করেছে। তবে মামলার পরও নির্মাণকাজ অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

স্থানীয়দের আরও অভিযোগ, মাদক ব্যবসা থেকে অর্জিত অর্থের জোরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন জসিম উদ্দিন।

এ বিষয়ে বক্তব্য জানতে জসিম উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। প্রথমে তিনি ফোন রিসিভ করলেও সাংবাদিক পরিচয় দেওয়ার পর সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক সংগঠনের নামে মিছিল, সমাবেশ বা প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com