নিজস্ব প্রতিবেদকঃ | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ | প্রিন্ট | 16 বার পঠিত | পড়ুন মিনিটে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তারের সময় অসদাচরণের অভিযোগে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদা তিন নারীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে একটি সূত্রে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়ে প্রক্রিয়া চলছে।
জানা গেছে, অভিযুক্ত কর্মকর্তাদের মধ্যে একজন বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি), একজন অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) এবং অন্যজন নৌপুলিশে দায়িত্ব পালন করছেন।
এছাড়া আওয়ামীলীগ সরকারের সময় রাজনৈতিক আনুগত্য, নির্বাচনী অনিয়মে সহযোগিতা, বিরোধী দলের ওপর দমন-পীড়ন এবং বিভিন্ন প্রশাসনিক অভিযোগে আরও ১৭ জন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বাধ্যতামূলক অবসরের প্রস্তাব বিবেচনায় রয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে বলে সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট নথিতে উল্লেখ করা হয়েছে, কয়েকজন কর্মকর্তা অতীতে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে পদোন্নতি ও গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেয়েছিলেন। একই সঙ্গে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপে সম্পৃক্ততার অভিযোগও আনা হয়েছে।
তিন নারী কর্মকর্তার বিষয়ে অভিযোগে বলা হয়েছে, বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার ও কারাগারে নেওয়ার সময় তারা দায়িত্ব পালনের ক্ষেত্রে বিতর্কিত ভূমিকা রেখেছিলেন। তবে অভিযুক্ত কর্মকর্তাদের একজন, সিআইডির অতিরিক্ত ডিআইজি রেবেকা সুলতানা, এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন যে তিনি ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।
প্রশাসনিক সূত্রগুলো বলছে, অভিযোগগুলোর পর্যালোচনা শেষে সরকারের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সরকারি সিদ্ধান্তের অপেক্ষা করা হচ্ছে।