| সোমবার, ১৩ জুলাই ২০২৬ | প্রিন্ট | 4 বার পঠিত | পড়ুন মিনিটে
ইরানের বিমান যাতে ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দরে অবতরণ করতে না পারে, সেজন্য রানওয়েতে হামলা চালিয়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। সোমবার (১৩ জুলাই) এক বিবৃতিতে সরকারি মুখপাত্র এ তথ্য জানান। খবর আল জাজিরার।
তিনি বলেন, ‘ইরান সমর্থিত হুতি গোষ্ঠী ইয়েমেনের জাতীয় পতাকাবাহী বিমানের অবতরণে বাধা সৃষ্টি করে। তারা ইরানি বিমানকে ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘনে সাহায্য করে। এ কারণেই বিমানবন্দরের রানওয়েতে হামলা চালানো হয়েছে।’
বর্তমানে ইয়েমেনের রাজধানী সানা ইরানপন্থী হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে, সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় দেশগুলোর সমর্থনপুষ্ট ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার সরকার দেশটির দক্ষিণ উপকূলীয় শহর এডেন থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক সতর্কবার্তা জারি করে। তাতে বিমানবন্দর ও এর আশেপাশের এলাকা থেকে বেসামরিক নাগরিক, কর্মী, কূটনৈতিক মিশন এবং মানবিক সহায়তা সংস্থাকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানানো হয়।
তবে হুতিরা এই হামলার জন্য সৌদি আরবকে দায়ী করে পাল্টা জবাব দেয়ার হুমকি দিয়েছে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘এই আগ্রাসনের মোক্ষম জবাব দেয়া হবে।’
ইরান এবং সৌদি আরবের পক্ষ থেকে এই ইস্যুতে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।