শনিবার ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ, তেহরান–তেল আবিবের পর রিয়াদ-কুয়েতে মার্কিন দূতাবাসেও হামলা

  |   মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   124 বার পঠিত   |   পড়ুন মিনিটে

আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ, তেহরান–তেল আবিবের পর রিয়াদ-কুয়েতে মার্কিন দূতাবাসেও হামলা

মধ্যপ্রাচ্যে যুদ্ধ চতুর্থ দিনে আরও বিস্তৃত আকার নিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলার জবাবে ইরান গোটা মধ্যপ্রাচ্যে পাল্টা আঘাত হেনেছে। তেহরান, তেল আবিব ও উপসাগরীয় বিভিন্ন রাজধানীতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে উত্তেজনা চরমে পৌঁছেছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলা চালায়। এসব হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। ইরানের রেড ক্রিসেন্টের তথ্যমতে, এ পর্যন্ত পাঁচ শতাধিক মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ১৬৫ জন স্কুলছাত্রী রয়েছে।

এর জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। ইসরায়েলের তেল আবিবে বিস্ফোরণে ভবন কেঁপে ওঠে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে জানানো হয়েছে। একই সময়ে ইসরায়েল তেহরানে রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার কমপ্লেক্সে এবং লেবাননের বিভিন্ন শহরে হিজবুল্লাহ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

উপসাগরীয় দেশগুলোতেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাহরাইন ও কাতার জানিয়েছে, গত তিন দিনে ইরান থেকে ছোড়া ১৭০-এর বেশি ক্ষেপণাস্ত্র ও ডজনখানেক ড্রোন প্রতিহত করা হয়েছে। বাহরাইনের রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, তারা বাহরাইনে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটির প্রধান কমান্ড ভবনে হামলা চালিয়েছে।

গত তিন দিনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে ইরানের পাল্টা হামলায় কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান, জর্ডান, সিরিয়া ও ইরাকসহ ৯টি আরব দেশে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

এদিকে মার্কিন দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে সৌদি আরব ও কুয়েতে। সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে দুটি ড্রোন আঘাত হানে এবং সেখানে আগুন লাগে বলে জানানো হয়েছে। একইভাবে কুয়েতে ইরানি হামলার পর দূতাবাস প্রাঙ্গণে ধোঁয়া দেখা যায় এবং নিরাপত্তাজনিত কারণে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

ওমানের একটি বন্দরেও ড্রোন হামলায় জ্বালানি ট্যাংকে আঘাত লাগে, যদিও হতাহতের খবর পাওয়া যায়নি। ওমান আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছিল।

এদিকে ইরানের এক জেনারেল হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করলে তা ‘পুড়িয়ে দেয়ার’ হুমকি দিয়েছেন। তিনি আরও বলেন, তেল পাইপলাইনেও হামলা চালানো হবে এবং অঞ্চল থেকে এক ফোঁটা তেলও বের হতে দেয়া হবে না। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।

সার্বিকভাবে, মধ্যপ্রাচ্যে সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ছে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করলেও এখনো সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com