মোহাম্মদ হুযাইফ | শনিবার, ২৫ জুলাই ২০২৬ | প্রিন্ট | 87 বার পঠিত | পড়ুন মিনিটে
কক্সবাজারের পানেরছড়ায় সরকারি বনভূমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি মাটিভর্তি ডাম্পার ট্রাক জব্দ করেছে বন বিভাগ। তবে অভিযান টের পেয়ে ট্রাক ফেলে পালিয়ে যান চালক।
শনিবার (২৫ জুলাই) পানেরছড়া রেঞ্জের পানেরছড়া বিটের শিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় সহকারী বন সংরক্ষক (সদর) শ্যামল কুমার ঘোষের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
এ সময় সরকারি বনভূমি থেকে বালু উত্তোলনের কাজে ব্যবহৃতমাটিভর্তি ডাম্পারটি জব্দ করে পানেরছড়া রেঞ্জ কার্যালয়ের হেফাজতে নেওয়া হয় অভিযানে পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল আলম, পানেরছড়া বিট কর্মকর্তা গোলাম মোস্তফাসহ রেঞ্জের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল আলম বলেন, মাটি ও বালু পাচারের তথ্য পেয়ে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ডাম্পারটি জব্দ করা হলেও চালক পালিয়ে যান। গাড়ির মালিককে শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরকারি বনভূমি রক্ষায় অবৈধ বালু উত্তোলন, বনভূমি দখল ও ক্ষতিসাধনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।