| রবিবার, ০৭ জুন ২০২৬ | প্রিন্ট | 17 বার পঠিত | পড়ুন মিনিটে
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের বহুল প্রতীক্ষিত নির্বাচন। ঢাকার ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি-২) থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
রোববার (৭ জুন) মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ের বোর্ড রুমে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর সন্ধ্যা ৬টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
ক্যাটাগরি-২ বা ক্লাব ক্যাটাগরিতে ১২টি পরিচালক পদের বিপরীতে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই ক্যাটাগরিতে মোট ভোটার ছিলেন ৭৬ জন, যার মধ্যে ভোট দিয়েছেন ৭৪ জন। নির্বাচনে ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের কাউন্সিলর হিসেবে অংশ নেওয়া তামিম ইকবাল সর্বোচ্চ ৭৩টি ভোট পেয়ে পর্ষদে নিজের জায়গা নিশ্চিত করেছেন।
এছাড়াও ঢাকার ক্লাব থেকে নির্বাচিত হয়েছেন- সাইদ ইব্রাহিম আহমেদ (৭২ ভোট), ইশরাফিল খসরু (৭২ ভোট), মাসুদুজ্জামান (৭০ ভোট), ফয়সাল ইয়াসির (৬৮ ভোট), ফাহিম সিনহা (৬৬ ভোট), শানিয়ান তানিম (৬৬ ভোট), আসিফ রাব্বানী (৬৪ ভোট), মির্জা ইয়াসির আব্বাস (৬৩ ভোট), রফিকুল ইসলাম বাবু (৫৩ ভোট), ডা. সরকার মাহবুব আহমেদ শামীম (৪১ ভোট) ও সাকেফ আহমেদ সালাম )
এদিকে, ১২ জন পরিচালক নির্বাচিত হওয়ায় এই পদের লড়াই থেকে ছিটকে গেছেন ৪ জন প্রার্থী। সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পু (৪০ ভোট), মোহাম্মদ আমজাদ হোসেন (৩২ ভোট), ফায়াজুর রহমান মিতু (২৩ ভোট) ও মেজর (অব.) ইমরোজ আহমেদ (২০ ভোট)।
এর আগে গত ৭ এপ্রিল বিসিবির অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তামিম ইকবাল। তার অধীনেই ৩ মাসের মধ্যে এই নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা ছিল। অবশেষে আজ গণতান্ত্রিক প্রক্রিয়ায় সর্বোচ্চ ভোট পেয়ে সরাসরি বিসিবির পরিচালক পর্ষদে যুক্ত হলেন এই ক্রিকেট তারকা। নিয়মানুযায়ী, নির্বাচিত ২৩ জন এবং জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত ২ জনসহ মোট ২৫ জন পরিচালক মিলে পরবর্তীতে বিসিবির নতুন সভাপতি নির্বাচন করবেন।