প্রেস বিজ্ঞপ্তি | শনিবার, ২২ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 259 বার পঠিত | পড়ুন মিনিটে
“সুস্থ ধারার সংস্কৃতি চর্চাই পারে মাদকমুক্ত সমাজ গড়তে” এই স্লোগানকে ধারণ করে সামাজিক, সাংস্কৃতিক ও মাদকবিরোধী সংগঠন বাংলার বীর ফাউন্ডেশন প্রতিষ্ঠার ১০ বছর পূর্তি উপলক্ষে বর্ষসেরা সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
এতে সমাজসেবা ও সাংবাদিকতা এই দুই ক্যাটাগরিতে অবদান রাখায় এশিয়ান টেলিভিশনের রিপোর্টার এম. ইরফান উদ্দিন ইরো বর্ষসেরা সম্মাননায় ভূষিত হন। উদীয়মান তরুণ সাংবাদিকদের মধ্য থেকে শুধু ইরফান উদ্দিন ও আরও একজনকে বাছাই করে এ সম্মাননা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে এক জমকালো আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীরজাদা শহিদুল হারুন। তিনি বলেন,“উদীয়মানদের অনুপ্রেরণা ও এগিয়ে যাওয়ার মানসিকতা গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকা প্রয়োজন। এই সম্মাননা তরুণদের পেশাগত নৈতিকতা, দায়িত্ববোধ ও সততার মান আরও উন্নত করতে সহায়তা করবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কামার আফজা লিজা। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলার বীর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা।
সম্মাননা প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে ইরফান উদ্দিন বলেন “বর্তমান সময়ে কিছু অসৎ ব্যক্তি সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। একটি মোবাইল থাকলেই অশিক্ষিত, আদব কায়দা না জানা অনেকেই সাংবাদিকতার নামে অপেশাদার কর্মকাণ্ড করছে, যা পুরো দেশের সাংবাদিকতার মানকে ক্ষতিগ্রস্ত করছে। এসব থেকে মুক্তি পেতে সিনিয়র ও পেশাদার সাংবাদিকদের কঠোর ভূমিকা রাখা জরুরি, কিন্তু সেই উদ্যোগ কাউকে নিতে দেখা যায় না।”
অনুষ্ঠানে শিক্ষা, চিকিৎসা, সাংবাদিকতা, অভিনয়, উদ্যোক্তা, নৃত্য, সংগীত, যাদু, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে এক ঝলমলে পরিবেশে নির্বাচিত গুণীজনদের হাতে বর্ষসেরা সম্মাননা তুলে দেওয়া হয়।
সম্মাননা প্রদান শেষে এক আকর্ষণীয় সাংস্কৃতিক প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।
ডিবিএন/জেইউ।