আব্দুল্লাহ আল ফরহাদ | মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 207 বার পঠিত | পড়ুন মিনিটে
মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে মোক্তার সওদাগরের ছেলে আলা উদ্দিন ও হেলাল উদ্দিনের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়।
অগ্নিকাণ্ডে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হেদায়েত উল্ল্যাহ। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের মাঝে খাবার ও ত্রাণ সহায়তা বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কাউছার আহমেদ, শাপলাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ইউপি সদস্য মাওলানা শফিউল আলম, আনসার বাহিনীর সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খাবার ও ত্রাণ সহায়তা বিতরণকালে ইউএনও মো. হেদায়েত উল্ল্যাহ ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং যে কোনো বিপদে উপজেলা প্রশাসন জনগণের পাশে থাকবে বলে উল্লেখ করেন।