| শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 37 বার পঠিত | পড়ুন মিনিটে
ফাইল ছবি
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে মোবাইল ফোনের দাম রাখতে মোবাইল ফোন আমদানিতে শুল্ক উল্লেখযোগ্যভাবে কমিয়েছে।
এ লক্ষ্যে গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) জারি করা এক প্রজ্ঞাপনে মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ফলে মোবাইল ফোন আমদানিতে বিদ্যমান শুল্কের হার প্রায় ৬০ শতাংশ কমে গেছে।
একই সঙ্গে দেশীয় মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠানগুলো যেন এই সিদ্ধান্তের ফলে প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে, সে বিষয়টি বিবেচনায় রেখে আরেকটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে মোবাইল ফোন সংযোজনের জন্য প্রয়োজনীয় উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এর মাধ্যমে উপকরণ আমদানিতে বিদ্যমান শুল্ক প্রায় ৫০ শতাংশ হ্রাস পেয়েছে।
এ দুটি প্রজ্ঞাপনের ফলে ৩০ হাজার টাকার বেশি মূল্যের আমদানিকৃত প্রতিটি পূর্ণাঙ্গ মোবাইল ফোনের দাম আনুমানিক ৫ হাজার ৫০০ টাকা পর্যন্ত কমতে পারে। পাশাপাশি একই দামের দেশে সংযোজিত মোবাইল ফোনের ক্ষেত্রে মূল্য প্রায় ১ হাজার ৫০০ টাকা কমবে বলে ধারণা করা হচ্ছে।
সরকারের প্রত্যাশা, মোবাইল ফোন ও মোবাইল ফোন সংযোজন শিল্পের উপকরণ আমদানিতে শুল্ক কমানোর এই উদ্যোগের ফলে সব শ্রেণির মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে। এতে দেশের নাগরিকদের জন্য ডিজিটাল সেবা গ্রহণ আরও সহজ হবে। ভবিষ্যতেও মোবাইল ফোনের দাম জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে বলে জানিয়েছে এনবিআর।