সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

৮টি আসনের ব্যালটে থাকছে না ধানের শীষ প্রতীক

দেশবিদেশ ডেস্ক:   |   রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   31 বার পঠিত   |   পড়ুন মিনিটে

৮টি আসনের ব্যালটে থাকছে না ধানের শীষ প্রতীক

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ৮টি আসনের ব্যালটে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ থাকছে না। জোটের শরীকদের জন্য ১১টি আসন ছাড়লেও ৭টিতে ধানের শীষ প্রতীকে নয়, দলীয় প্রতীকে লড়ছেন জোটের শরিকরা এবং বাকী ৪টি আসনে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে লড়ছেন প্রার্থীরা।

এদিকে রোববার ঋণখেলাপির দায়ে কুমিল্লা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন পত্র চূড়ান্তভাবে বাতিল করেছে আদালত। ফলে এ আসনেও বিএনপির কোনো প্রার্থী না থাকায় ধানের শীষ প্রতীক থাকছে না।

চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা ফেরতের বিষয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আপিলের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আজ। তার প্রার্থিতা বাতিল হলে ৯টি আসনে ধানের শীষ প্রতীক না থাকার সম্ভাবনা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে নির্বাচনি সমঝোতা করে ৪টি আসন ছেড়ে দেয় বিএনপি। আসনগুলোতে লড়ছেন—সিলেট-৫ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, নীলফামারী-১ আসনে দলটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ আসনে মুফতি মনির হোসাইন কাসেমী এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবীব।

এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, ঢাকা-১২ আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর লড়ছেন। এসব আসনে জোটের শরীক প্রার্থীরা নিজ দলের প্রতীক নিয়ে নির্বাচনে লড়াই করছেন।

এদিকে ধানের শীষ প্রতীক পেতে নিজ দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। তিনি কুমিল্লা-৭ আসন থেকে নির্বাচন করছেন।

এ ছাড়া নিজ দল ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ। ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল-২ ও ববি হাজ্জাজ ঢাকা-১৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন।

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেন মুহাম্মদ রাশেদ খান। পরে ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন রাশেদ খান।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com