| রবিবার, ০১ মার্চ ২০২৬ | প্রিন্ট | 105 বার পঠিত | পড়ুন মিনিটে
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেছেন, ইসরায়েলকে ধ্বংসের চেষ্টা করা শক্তির ওপর ‘ন্যায়বিচার’ প্রতিষ্ঠিত হয়েছে এবং অভিযান পূর্ণ শক্তিতেই চলবে। খবর আল জাজিরা
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক পোস্টে কাটজ লেখেন, ‘যে ইসরায়েলকে ধ্বংস করতে চেয়েছিল— সে নিজেই ধ্বংস হয়েছে’। তিনি আরও বলেন, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে, আর অশুভ জোট মারাত্মক আঘাত পেয়েছে।’
তিনি আরও বলেন, ইসরায়েল ‘পূর্ণ শক্তি দিয়েই হামলা চালিয়ে যাবে।’
এর আগে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, আয়াতুল্লাহ আলি খামেনি ভোরের প্রথম প্রহরে তার কার্যালয়ে নির্ধারিত দায়িত্ব পালন করছিলেন। সে সময়ই ভয়াবহ বিমান হামলা চালানো হয়। এটি তেহরানের কেন্দ্রস্থলে ইরানের সর্বোচ্চ নেতার সরকারি কার্যালয় ও আবাসিক কমপ্লেক্স। এখান থেকেই সর্বোচ্চ নেতা দাপ্তরিক কাজ, নিরাপত্তা বৈঠক ও নীতিগত সিদ্ধান্ত পরিচালনা করেন।
ফার্সের প্রতিবেদনে বলা হয়, খামেনি তার দাপ্তরিক কক্ষে নীতিগত ও নিরাপত্তা–সংক্রান্ত কিছু নথি পর্যালোচনা করছিলেন। নিরাপত্তা কর্মকর্তাদের একটি ছোট দলও কমপ্লেক্সে উপস্থিত ছিল। ভোরের দিকে প্রাসাদ এলাকায় স্বাভাবিক নিরাপত্তা বলয় বজায় ছিল এবং বাইরের চলাচল ছিল সীমিত।
হামলার ঠিক আগে রাজধানী তেহরানের আকাশে অস্বাভাবিক বিকট শব্দ শোনা যায় বলে স্থানীয় সূত্রগুলোর দাবি। কয়েক মিনিটের মধ্যেই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। প্রত্যক্ষদর্শীরা জানান, আঘাতটি ছিল অত্যন্ত নির্দিষ্ট ও লক্ষ্যভিত্তিক।