| সোমবার, ১০ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 182 বার পঠিত | পড়ুন মিনিটে
কক্সবাজারের উখিয়া দারোগা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পঞ্চাশের অধিক দোকান পুড়ে ছাই হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে মো: আলী (৫৫) নামক এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ও তিনজন আহত হয়েছেন। নিহতের বাড়ি কুমিল্লা বলে জানা যায়। এছাড়া অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (১০ নভেম্বর) সাড়ে ৩ টারদিকে দারোগা বাজারস্থ কাঁচাবাজার রোডের একটি মার্কেটে জনৈক মো: আলীর বেড বেডিং এর দোকান থেকে অগ্নিকাণ্ডের সুচনা হয় বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উখিয়া সদরের কৃষি ব্যাংক ভবনের পেছনে কাঁচাবাজার সড়কের একটি মার্কেটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের অগ্নিশিখা চারিদিকে ছড়িয়ে পড়ে।
উখিয়াস্থ ৩টি ফায়ার ব্রিগেডের সাথে কক্সবাজার ও আশে পাশের আরো কয়েকটি ফায়ার ব্রিগেডের সদস্য এবং পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, স্থানীয় জনসাধারণের প্রাণান্তকর চেষ্টায় বিকাল সাড়ে ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে প্রায় ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উখিয়া ব্যবসায়ী সমিতির আহ্বায়ক নুরুজ্জামান জানান, ‘বিকাল পৌনে ৪ টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে স্থানীয় জনগণ, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী সদস্যসহ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। নিহত মোহাম্মদ আলী কাপড়ের ব্যবসায়ী ছিলেন’।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার ডলার বড়ুয়া জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা হয়নি। অগ্নিদগ্ধে একজন মারা গেছে ও ৩ জন আহত হয়েছে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাছাড়া স্থানীয় রাজনৈতিক দলের নেতা, নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।