সংবাদ বিজ্ঞপ্তি | শনিবার, ২২ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 85 বার পঠিত | পড়ুন মিনিটে
কক্সবাজারে ৩৮ তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে পাকিস্তানের করাচি দারুল উলুমের মুহাদ্দিস আল্লামা আজিজুর রহমান বলেছেন, বাংলাদেশে অসংখ্য দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান বিদ্যমান। এসব প্রতিষ্ঠান থেকে প্রতিবছর অসংখ্য শিক্ষার্থী বের হলেও আল্লাহওয়ালা মানুষ বের হচ্ছেনা। মাদ্রাসাগুলো থেকে যোগ্য ও দক্ষ মানুষ বের হতে হবে। তাহলে সমাজে শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে।
কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের প্রথম দিন (২১ নভেম্বর, শুক্রবার) আল্লামা আজিজুর রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ চাহিদার বিপরীত মেরুতে অবস্থান করছে। তাই প্রকৃত আলেম বের হচ্ছে না। বিষয়টি ভেবে দেখা দরকার।
আলেমদেরকে নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আরো সচেতন হওয়া দরকার বলে মন্তব্য করেন আল্লামা আজিজুর রহমান।
আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে পৃথক অধিবেশনে সভাপতিত্ব করেন ইসলামী সম্মেলন সংস্থা কক্সবাজারের সভাপতি মাওলানা মুহাম্মদ মুসলিম ও বদর মোকাম জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল খালেক নিজামী।
ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনে বাদ এশা আলোচনা করেন সৌদিআরবের বিশিষ্ট আলেম ও দাঈ মুহসিন সিরাজ জাহরানী।
তিনি বলেন, আমরা যতই আলোচনা শুনি তার তুলনায় আমল করি কম। সব মুসলমানকে তাকওয়ার নীতি অবলম্বন করতে হবে। হালাল-হারামসহ মুসলমানদের প্রতি আল্লাহর নির্দেশিত বিধিবিধান মেনে চলার আহ্বান জানান মুহসিন সিরাজ জাহরানী।
এরপর আলোচনা করেন ঢাকার আল্লামা মুফতি রহমতে এলাহী আরমান কাসেমী।
তিনি বলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির গোলামীর প্রথা এখনো বহাল। ইংরেজদের দাসত্বমুক্ত হতে পারেনি মুসলমানরা। আমাদের মাঝে এখনো মীর জাফর, ঘষেটি বেগমের উত্তরসূরী রয়ে গেছে। তারাই স্বাধীন বাংলার শত্রু। তাদের চিহ্নিত করতে হবে।
মহাসম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে আজ (শনিবার) আলোচনা করবেন, আওলাদে রাসুল (স.) আল্লামা ফায়সাল নাদিম (পাকিস্তান), ঢাকার আল্লামা খুরশেদ আলম কাসেমী, আনজুমানে ইত্তেহাদুল মাদারিসের মহাসচিব আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ, চট্টগ্রাম হাটহাজারীর আল্লামা আনোয়ার শাহ আল আজহারী, মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী।
রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি দেলাওয়ার হোসাইনের সঞ্চালনায় ঐতিহ্যবাহী এই মাহফিলে ইসলামী সম্মেলন সংস্থা কক্সবাজারের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মোহছিন শরীফ, লাইট হাউজ মাদরাসার মুহতামিম মাওলানা মোঃ আলী, চাকমারকুল মাদরাসার মুহতামিম মাওলানা সিরাজুল ইসলাম সিকদার, বদর মোকাম মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা দেলোয়ার হোছাইন, মাওলানা এমদাদ উল্লাহ, হাফেজ মাওলানা নাজিমুদ্দিনসহ বরেণ্য আলেমগণ উপস্থিত ছিলেন।
ডিবিএন/জেইউ।