নিজস্ব প্রতিবেদক: | শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 93 বার পঠিত | পড়ুন মিনিটে
কক্সবাজারে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস চক্রের দুই সদস্যকে আটক করেছে।
গতকাল শুক্রবার পরীক্ষা চলাকালিন সময়ে কক্সবাজার সিটি কলেজ ও দক্ষিণ খুরুশকুল কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের রুপালি বাজার পাড়া এলাকার আক্তার আহমেদের পুত্র ফজলুল হক এবং কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের লুৎফার বাপের পাড়ার হাবিনুল মান্নানের স্ত্রী জেসমিন আক্তার। তারা দুইজনই পরীক্ষার্থী ছিলেন।
সত্যতা নিশ্চিত করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীন মিয়া জানান, গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ এই দুইজনকে আটক করে। পরে তাদের তল্লাশী করে তাদের সাথে থাকা দুটি মোবাইল ফোন, একটি ডিভাইস এবং একটি পুলিশের ব্যাগ উদ্ধার করা হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীন মিয়া বলেন, তারা দুইজন পরীক্ষার্থী ও প্রশ্নফাঁস চক্রের সদস্য। আটকের পর তাদের থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের মামলার রুজুর জন্য রাতে থানায় এজাহার দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দীন রাতে বলেন, ‘জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে এজাহার দায়ের করা হয়েছে। তার মামলা হিসেবে রুজু করার প্রক্রিয়া চলছে। মামলার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’