| রবিবার, ১১ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 101 বার পঠিত | পড়ুন মিনিটে
অলি উল্লাহ রনি, নিজস্ব প্রতিবেদক চকরিয়া:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া থানাধীন আজিজ নগর স্টেশন এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (১১ জানুয়ারি) রাত আনুমানিক ১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারমুখী একটি অজ্ঞাত পরিবহনের অজ্ঞাতনামা চালক দ্রুত গতিতে গাড়ি চালিয়ে আজিজনগর বাজারসংলগ্ন দোহা ফুডের সামনে রাস্তা পার হওয়ার সময় প্রায় ৫০ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর চালক গাড়িসহ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি।
স্থানীয়রা জানান,গত কয়েকদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় তাকে আজিজনগর বাসস্ট্যান্ড এলাকায় ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল।
পরে পুলিশ নিহত ব্যক্তিকে চট্টগ্রাম কর্ণফুলী থানার ফাঁজিল খাঁর হাট শিলপাড়া এলাকার সোনারাম শীলের ছেলে শিবু শীল হিসেবে শনাক্ত করে।
চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনা তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলছে।