| বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 102 বার পঠিত | পড়ুন মিনিটে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড এবং গাড়ির স্টিকার প্রদানের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার থেকে কার্ড ও স্টিকার পেতে অনলাইনে আবেদন করা বাধ্যতামূলক করা হয়েছে।
নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।
তিনি বলেন, এতদিন প্রতিটি নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সরাসরি গিয়ে আবেদন করতে হতো। আবেদন অনুমোদনের পর কার্ড ও গাড়ির স্টিকার সরবরাহ করা হতো। এতে একদিকে সময় নষ্ট হতো, অন্যদিকে নির্বাচন কমিশনের অতিরিক্ত ব্যয় বহন করতে হতো। এসব বিষয় বিবেচনায় এনে এবার পুরোনো পদ্ধতি থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মো. রুহুল আমিন মল্লিক আরও জানান, নতুন ব্যবস্থায় আবেদন সম্পূর্ণ অনলাইনে গ্রহণ করা হবে। এ লক্ষ্যে একটি বিশেষ ওয়েবসাইট চালু করা হয়েছে। নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্য পূরণ ও কাগজপত্র সংযুক্ত করে আবেদন করতে হবে। আবেদন অনুমোদিত হলে দেশীয় গণমাধ্যমকর্মীরা অনলাইন থেকেই সাংবাদিক কার্ড এবং দেশীয় পর্যবেক্ষকরা কার্ড ও গাড়ির স্টিকার ডাউনলোড করতে পারবেন।
অনলাইনে আবেদন করতে হবে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার ওয়েবসাইট pr.ecs.gov.bd-এর মাধ্যমে। আবেদনকালে অফিসের প্যাডে করা আবেদনপত্রের কপি, জাতীয় পরিচয়পত্র, প্রেস আইডিসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। ফ্রিল্যান্স সাংবাদিকদের ক্ষেত্রে পিআইডি কার্ড জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
ইসি সূত্র জানায়, আবেদনকারীদের অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে এবং বৈধ জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। পাশাপাশি প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট (পিআইডি) কর্তৃক স্বীকৃত মিডিয়া হাউসের সাংবাদিক হতে হবে।
এ ছাড়া আবেদনকারীর ব্যক্তিগত ও সক্রিয় মোবাইল নম্বর থাকতে হবে, যা OTP ভেরিফিকেশনের মাধ্যমে যাচাই করা হবে। সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান কপিও অনলাইনে আপলোড করতে হবে।
নতুন এই পদ্ধতির মাধ্যমে আবেদন প্রক্রিয়া সহজ হবে এবং সময় ও ব্যয় উভয়ই কমবে বলে আশা করছে নির্বাচন কমিশন।