দেশবিদেশ ডেস্ক: | বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 88 বার পঠিত | পড়ুন মিনিটে
খুরুশকুল সংযোগ সেতু এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলন
আধুনিক প্রযুক্তিনির্ভর সরঞ্জাম ব্যবহার করে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। একই সঙ্গে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও আনসার ভিডিপির সঙ্গে সমন্বয় করে অপরাধ দমন ও নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার শহরের মাঝিরঘাট সংলগ্ন খুরুশকুল সংযোগ সেতু এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবির কক্সবাজার-৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।
তিনি জানান, সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে মাঠপর্যায়ে বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে।
নির্বাচনকালীন সময়ে সীমান্তপথে মাদক, অস্ত্র, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিওপি পর্যায়ে জনবল বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি বডি অন ক্যামেরা, নাইট ভিশন গগলস ও বাইনোকুলারসহ আধুনিক প্রযুক্তির সরঞ্জাম ব্যবহার করে নজরদারি আরও জোরদার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ২৯ জানুয়ারি থেকে কক্সবাজার সদর ও ঈদগাঁও এলাকায় ১১ প্লাটুন বিজিবির সদস্য মোতায়েন রয়েছে। গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও জনসমাগমপূর্ণ স্থানে অস্থায়ী তল্লাশি চৌকি স্থাপন করে নিয়মিত তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।
সংবাদ সম্মেলন শেষে কক্সবাজার শহরে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল খুরুশকুল ব্রিজ এলাকায় একটি অস্থায়ী তল্লাশি চৌকি স্থাপন করে কার্যক্রম শুরু করে বিজিবি।