নিজস্ব প্রতিবেদক: | সোমবার, ০৯ মার্চ ২০২৬ | প্রিন্ট | 27 বার পঠিত | পড়ুন মিনিটে
কক্সবাজারে দুই দিনব্যাপী ইসলামী সাংস্কৃতিক উৎসব ‘তোহফায়ে রমাদান’ শুরু হয়েছে। জেলার ঐতিহ্যবাহী সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন দেশীয় সাংস্কৃতিক সংসদ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে রোববার (৯ মার্চ) দুপুর ২টা ৩০ মিনিটে কক্সবাজার পাবলিক হল মাঠে উৎসবের প্রথম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উৎসব উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে ছিল শতাব্দী সাংস্কৃতিক সংসদ, কলরব শিল্পীগোষ্ঠী, অনির্বাণ শিল্পী গোষ্ঠী, অনিন্দ্য কালচারাল একাডেমী, মনোরম শিল্পী গোষ্ঠী ও অর্ণব শিল্পী গোষ্ঠী।
বিকাল ৪টায় উন্মুক্ত মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেশীয় সাংস্কৃতিক সংসদ কক্সবাজার জেলা শাখার সভাপতি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী সেশনে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক, লেখক ও কবি অ্যাডভোকেট আখতার উদ্দিন হেলালী, কক্সবাজার সাহিত্য একাডেমীর সভাপতি মুহাম্মদ নুরুল ইসলাম, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সলিম উল্লাহ বাহাদুর, নজরুল আব্বাস উদ্দীন সেন্টার কক্সবাজারের সভাপতি অ্যাডভোকেট রমিজ আহমদ এবং গীতিকার ও সুরকার অধ্যাপক ফরিদুল আলম।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।
আগামী ১০ মার্চ সমাপনী দিনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানসহ মঞ্চ পরিবেশনায় উপস্থিত থাকবেন প্রখ্যাত শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব অধ্যাপক সাইফুল্লাহ মানছুর। প্রতিদিনের মতো সমাপনী দিনের অনুষ্ঠানও দুপুর ২টা থেকে শুরু হবে।