অলি উল্লাহ রনি-চকরিয়া | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 15 বার পঠিত | পড়ুন মিনিটে
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া অংশে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৮টা থেকে ৯টার মধ্যে হারবাং ও মালুমঘাট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
চিরিংগা হাইওয়ে পুলিশের ইনচার্জ আরিফুল আমিন এবং স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৮টা ১০ মিনিটে চকরিয়ার হারবাং বাজারের প্রায় ২০০ মিটার উত্তরে একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী মো. মিজানুর রহমান (৩২) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তর কালিয়াইশ এলাকার বাসিন্দা।
একই সময়ে মহাসড়কের মালুমঘাট এলাকায় আরেকটি দুর্ঘটনায় বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মো. ইউসুফ (চট্টগ্রামের চান্দগাঁও এলাকার মুন্সি মিয়ার ছেলে) নিহত হন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে মালুমঘাট হাইওয়ে থানার এসআই মো. জিয়া উদ্দিন।
চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ মো. আরিফুল আমিন ও মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মাহাবুবুর রহমান জানান, পৃথক দুই দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। একই সাথে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।