শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
আ.লীগ ৭, বিএনপি ৪, জামায়াত ৬

কক্সবাজার জেলা আইনজীবী সমিতি নির্বাচনে তিন প্যানেলের ভারসাম্যপূর্ণ ফলাফল

শফিকুর রহমান   |   রবিবার, ০১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   49 বার পঠিত   |   পড়ুন মিনিটে

কক্সবাজার জেলা আইনজীবী সমিতি নির্বাচনে তিন প্যানেলের ভারসাম্যপূর্ণ ফলাফল

কক্সবাজার জেলা আইনজীবী সমিতি-এর বার্ষিক নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগ সমর্থিত তিনটি প্যানেলের অংশগ্রহণে উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ১৭টি পদের বিপরীতে মোট ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলাফলে দেখা গেছে, আওয়ামী লীগ সমর্থিত প্যানেল ৭টি, জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেল ৬টি এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ৪টি পদে বিজয় লাভ করেছে। তিন পক্ষের মধ্যে তুলনামূলক ভারসাম্যপূর্ণ ফলাফল এসেছে বলে আইনজীবী মহলে আলোচনা রয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে দুই কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কেন্দ্র দুটি ছিল কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবন এবং চকরিয়া উপজেলা চৌকি আদালত ভবন। সমিতির মোট ভোটার ছিলেন ৯৪৮ জন। এর মধ্যে কক্সবাজার কেন্দ্রে ৮৬১ জন এবং চকরিয়া কেন্দ্রে ৮৭ জন। মোট ৮৯২টি ভোট কাস্ট হয়। কক্সবাজার কেন্দ্রে ৮০৬ জন এবং চকরিয়া কেন্দ্রে ৮৬ জন ভোট দেন, যা সন্তোষজনক উপস্থিতি হিসেবে বিবেচিত হচ্ছে।

সভাপতি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেলের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল মন্নান বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আমির হোসাইন। আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ বদিউল আলম সিকদার তৃতীয় অবস্থানে রয়েছেন। সাধারণ সম্পাদক পদে জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেলের অ্যাডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হুদা। বিএনপি সমর্থিত প্যানেলের অ্যাডভোকেট ছলিমুল মোস্তফা তৃতীয় অবস্থানে থাকেন।

বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল ১৭টি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী দেয় এবং ৪ জন জয়লাভ করে। এ প্যানেল থেকে সহ-সভাপতি পদে মোহাম্মদ আবদুল্লাহ, পাঠাগার ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে অ্যাডভোকেট শওকত ওসমান এবং নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট আজিজুল করিম জয় নির্বাচিত হয়েছেন।

জামায়াতে ইসলামী সমর্থিত অ্যাডভোকেট মোহাম্মদ আমির হোসাইন-অ্যাডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী প্যানেল ১৭টি পদের বিপরীতে ১৭ জন প্রার্থী দেয় এবং ৬ জন বিজয়ী হয়। এ প্যানেল থেকে সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আবদুল বারী, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জিয়াউদ্দিন মাহমুদ তমাল, সিনিয়র নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট মোহাম্মদ নেজামুল হক ও অ্যাডভোকেট এ কে এম শাহজালাল চৌধুরী এবং নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট এস এম জসিম নির্বাচিত হয়েছেন।

আওয়ামী লীগ সমর্থিত অ্যাডভোকেট মোহাম্মদ বদিউল আলম সিকদার-অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হুদা প্যানেল ১৭টি পদের বিপরীতে ১৪ জন প্রার্থী দেয় এবং ৭ জন প্রার্থী জয়লাভ করেন। এ প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক (হিসাব) পদে অ্যাডভোকেট মো. মহিউদ্দিন, আপ্যায়ন সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ রিদুয়ান আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নাহিদা খানম কক্সী, সিনিয়র নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন ও অ্যাডভোকেট জিয়াউদ্দিন আহমদ এবং নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট পারভীন সুলতানা পিয়া ও অ্যাডভোকেট সেকাব উদ্দিন নির্বাচিত হয়েছেন।

জ্যেষ্ঠ আইনজীবী মোহাং আহমদ কবির প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। সহকারী প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এম রেজাউল করিম, সৈয়দ রাশেদ উদ্দিন ও মোস্তাক আহমদ। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ফরিদ আহমদ, নূর আহমদ, আবু ছিদ্দিক, তাপস রক্ষিত, মোহাম্মদ সিরাজউল্লাহ, এ কে ফিরোজ আহমদ ও মোহাং আরিফ উল্লাহ।

জানা গেছে, ১৯০১ সালে প্রতিষ্ঠিত কক্সবাজার জেলা আইনজীবী সমিতির ইতিহাসে গঠনতান্ত্রিক বাধ্যবাধকতার কারণে এবার প্রথমবারের মতো রমজান মাসে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত বছরের নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি পদে, জামায়াত সমর্থিত প্যানেল ৬টি পদে এবং আওয়ামী লীগ ঘরানার ২ জন প্রার্থী জয় পেয়েছিলেন। এবার ফলাফলে তিন পক্ষের মধ্যে তুলনামূলক ভারসাম্য লক্ষ্য করা গেছে, যা সমিতির ভবিষ্যৎ কার্যক্রমে সমন্বয় ও অংশগ্রহণমূলক পরিবেশ তৈরিতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com