মোশাররফ করিম রুমী ,উখিয়া: | শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 97 বার পঠিত | পড়ুন মিনিটে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রোহিঙ্গা জনগোষ্ঠীকে কোনোভাবেই যেন ব্যবহার করা না যায়—এ লক্ষ্যে রোহিঙ্গা ক্যাম্পগুলোকে বিশেষ নিরাপত্তার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্বাচনকে সামনে রেখে ক্যাম্প এলাকাকে ‘নিরাপত্তার চাদরে’ ঢেকে দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় রোহিঙ্গাবিষয়ক জাতীয় টাস্কফোর্সের ৪৮তম বৈঠক। বৈঠকে সরকারের বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে জাতীয় সংসদ নির্বাচনে রোহিঙ্গাদের অসৎ উদ্দেশ্যে ব্যবহার ঠেকানোর বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে নির্বাচনকালীন সময়ে মিয়ানমার থেকে নতুন করে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি ও তৎপরতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় রোহিঙ্গা ক্যাম্প পুরোপুরি ‘সিল’ না করলেও জরুরি প্রয়োজনে ক্যাম্পের বাইরে যাতায়াতকারী রোহিঙ্গাদের ওপর কঠোর নজরদারি আরোপ এবং পুরো এলাকা নিরাপত্তার আওতায় রাখার বিষয়ে ঐকমত্য হয়। পাশাপাশি নির্বাচনকালীন সময়ে ক্যাম্পের উপ-ক্যাম্প ইনচার্জ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কমান্ডিং অফিসারদের পরিবর্তন না করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে জানানো হয়, প্রতিদিনই নতুন করে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা বাহিনীর ব্যস্ততার সুযোগ নিয়ে যেন অনুপ্রবেশ বৃদ্ধি না পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধন কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
সরকারের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রোহিঙ্গাদের দ্বারা কোনো ধরনের বিশৃঙ্খলা বা বাধা সৃষ্টি করতে দেওয়া হবে না। এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এছাড়া ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের যেন মিয়ানমারের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে না পারে, তা নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।