| বুধবার, ০১ জুলাই ২০২৬ | প্রিন্ট | 6 বার পঠিত | পড়ুন মিনিটে
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার ও শামীম হোসেন পাটোয়ারী। আগে থেকেই নির্ধারিত, নিয়মিত অধিনায়ক লিটন দাস ও পেসার তাসকিন আহমেদ এই সিরিজ খেলবেন না। তারা শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগে অংশ নেবেন। দলে এসেছেন মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী রাব্বী ও সাইফ উদ্দিন।
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে অ্যাডিলেইডে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর মোসাদ্দেক জাতীয় দলে ছিলেন না। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে জাতীয় দলে ফিরে দারুণ পারফর্ম করেন মোসাদ্দেক। সেই পারফরম্যান্সের সুবাদেই তাকে টি-টোয়েন্টি দলে ফেরানো হয়েছে। চার বছর অপেক্ষার পর সুযোগ পেলেন তিনি।
ইয়াসিরের অপেক্ষাও প্রায় একই সময়ের মতো। জাতীয় দলের হয়ে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে শেষ খেলেছিলেন। পরের বছর অংশ নিয়েছিলেন এশিয়ান গেমসে। এরপর লম্বা সময় ছিলেন দলের বাইরে। নির্বাচকরা তাকে নিয়ে অনেকটা চমক দেখালেন।
এদিকে সৌম্য সরকার এক সিরিজ পরই বাদ পড়লেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টি-টোয়েন্টিতে সৌম্য রান করেছিলেন ১৭ ও ১৫। তৃতীয় টি-টোয়েন্টিতে বাদে দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। এখন দল থেকেই বাদ। শামীমের বাদ পড়াটা অনেকের কাছেই ভাবনার বাইরে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন টি-টোয়েন্টিতে শামীমেরা রান ছিল ১, ৭ ও ০। কিন্তু এক সিরিজ আগেই নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি। ১৩ বলে ৩১ রানের ঝড়ো অপরাজিত ইনিংস খেলে এক ম্যাচের নায়ক ছিলেন শামীম। তার বাদ পড়াটা নিশ্চিতভাবেই চমকে দেওয়ার মতো খবর।
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি হবে ১৫ জুলাই। পরের দুইটি ম্যাচ ১৭ ও ১৯ জুলাই। প্রতিটি ম্যাচ হবে কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে।
বাংলাদেশ স্কোয়াড: তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, শেখ মাহেদী, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, সাইফ উদ্দিন ও আব্দুল গাফফার সাকলাইন।
বাদ: শামীম হোসেন, সৌম্য সরকার।
দলে নেই: তাসকিন আহমেদ, লিটন দাস।
দলে ফিরেছেন: মোসাদ্দেক হোসেন সৈকত, সাইফ উদ্দিন, ইয়াসির আলী চৌধুরী।