নিজস্ব প্রতিনিধিঃ | শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ | প্রিন্ট | 87 বার পঠিত | পড়ুন মিনিটে
আলোচিত জুলাই যোদ্ধা ও ছাত্রদল নেতা খুরশেদ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ক্রাইম এসোসিয়েশন কক্সবাজার জেলা সভাপতি ও জাতীয় দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি সাংবাদিক জসিম উদ্দিন। তিনি নিজের ভেরিফাইড ফেইসবুক আইডিতে হুশিয়ারি মূলক স্ট্যাটাসে লিখেন, “সমুদ্রের গভীর তলদেশ থেকেও টেনে বের করে প্রিয় খুরশেদের হত্যার রহস্য উন্মোচন করা হবে- ইনশাআল্লাহ। খুনিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”
সম্প্রতি এক বক্তব্যে তিনি এ হত্যাকাণ্ডকে পরিকল্পিত ও নৃশংস উল্লেখ করে বলেন, এটি শুধু একজন জুলাই যোদ্ধার ওপর আঘাত নয়, বরং সংগঠনের ওপর একটি বড় ধরনের আক্রমণ। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।
জসিম আরও বলেন, “আমরা বিশ্বাস করি, সত্য চাপা থাকে না। যত গভীরেই লুকানো হোক, খুরশেদের রক্তের বিচার আমরা আদায় করব। সংগঠনের প্রতিটি নেতাকর্মী এই ঘটনায় ক্ষুব্ধ এবং ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে।”
এদিকে খুরশেদ হত্যার ঘটনায় দলীয় নেতাকর্মীদের মধ্যে শোকের পাশাপাশি ক্ষোভ বিরাজ করছে। বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বক্তারা দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ইতোমধ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে। খুব শিগগিরই এ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, ছাত্রদল নেতা খুরশেদ সম্প্রতি একটি সহিংস ঘটনার শিকার হয়ে নিহত হন, যা দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।