মুকুল কান্তি দাশ,চকরিয়া | মঙ্গলবার, ০২ জুন ২০২৬ | প্রিন্ট | 14 বার পঠিত | পড়ুন মিনিটে
অপহৃতরা হলেন শাহারিয়ার কবির সোহাগ (১৪), মোহাম্মদ শহীদ হোসেন (১৪), মোহাম্মদ মাহিম (১৩), ইসাদুল হোছাইন হামিম (১৫), নুরুল আমিন মনু (২৭) এবং মো. সিফাত (২১)। প্রথম চারজন চকরিয়া উপজেলার কাকারা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
এ ঘটনায় ভিকটিম কিশোর যুবকদের ভুক্তভোগী পরিবার সদস্যরা গত ৩১ মে তারিখে চকরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে কাকারা ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ ইউসুফ (৪৭), তার ছেলে ইসরাক হোসেন (২০) এবং স্ত্রী তানিয়া বেগমকে অভিযুক্ত করা হয়েছে।
থানায় জমা দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার ( ৩১ মে) সকালে চকরিয়া উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়নের দক্ষিণ সুরাজপুর এলাকা থেকে চারজন এবং বমু বিলছড়ি ইউনিয়ন থেকে ২ জনকে মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে কতিপয় অপহরণকারী চক্র তাদের আস্তানায় নিয়ে গিয়ে আটকে রাখে।
থানায় জমা দেওয়া অভিযোগে ভিকটিমদের পরিবার সদস্যরা আরও বলেন, গত তিনদিন ধরে অপহরণকারীরা ৬ কিশোর যুবককে জিন্মিদশায় আটকে রেখে ০১৩৪৮৯৮৪৩৫০ নম্বর মোবাইল থেকে যোগাযোগ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। দ্রুত দাবিকৃত টাকা দেয়ার জন্য অপহরণকারীরা কৌশল হিসেবে অপহৃতদের একটি ছবি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে এখন নানাভাবে হুমকি দিচ্ছে।
ভুক্তভোগী পরিবারের লোকজন জানিয়েছে, অপহরণকারীদের বেঁধে দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করলে জিন্মিদশায় আটকে রাখা কিশোর যুবকদেরকে প্রাণনাশ করবে বলেও ভয়ভীতি দেখাচ্ছে। এ ঘটনায় ৬ কিশোর যুবকের পরিবারে চলছে চরম উদ্বেগ উৎকন্ঠা।
জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন, ৬ কিশোর যুবককে আটকে রেখে টাকা দাবি করার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভিকটিমরা বিদেশ যাবার কথায় সম্মতি দিয়ে বাড়ি থেকে বের হয়ে কতিপয় দালাল চক্রের খপ্পরে পড়েছে।
তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে অপহৃতদের উদ্ধার এবং জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।