কক্সবাজারের ঈদগাঁও থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে চলমান বিশেষ অভিযানে পৃথক অভিযান চালিয়ে ৪ জন আসামীকে গ্রেফতার করেছে ঈদগাঁও থানা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামী, ভূমি অপরাধ মামলার আসামী এবং ধর্তব্য অপরাধ প্রতিরোধমূলক আইনে আটক ব্যক্তি রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় দায়েরকৃত জিআর-১৪/২৪(ঈ) মামলার ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে সরওয়ার আলম ও মনছুর আলীকে। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক সংশ্লিষ্ট অভিযোগ ছিল বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, ২০২৩ সালের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ৪(২)/৭(৩) ধারায় দায়ের হওয়া ঈদগাঁও থানার মামলা নং-০৩, জিআর-৬৭/২৪ মূলে এরশাদুল হক ওরফে এরশাদ (৩৮) কে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, সম্ভাব্য ধর্তব্য অপরাধ সংঘটন প্রতিরোধে বিশেষ নজরদারির অংশ হিসেবে মো. নুর হোসেন (৩০) নামের আরও একজনকে আটক করেছে পুলিশ।
ঈদগাঁও থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক এলাকায় অভিযান পরিচালনা করে এসব আসামীকে গ্রেফতার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, ঈদগাঁও থানা এলাকাকে অপরাধ ও মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।