নিজস্ব প্রতিবেদকঃ | শনিবার, ১৬ মে ২০২৬ | প্রিন্ট | 30 বার পঠিত | পড়ুন মিনিটে
ধারাবাহিক প্রতিবেদন – ১ম পর্ব
কক্সবাজারের খুরুশখুল ইউনিয়নের গুল্যাবাপের পাড়ায় কোটি টাকার ইয়াবা লুটকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, টেকনাফ থেকে আনা বিপুল পরিমাণ ইয়াবার চালান নিয়ে সংঘবদ্ধ কয়েকটি পক্ষের মধ্যে দফায় দফায় লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
তথ্যসুত্রে জানা গেছে, টেকনাফ থেকে আনা ইয়াবার একটি বড় চালান কলাতলী ডলফিন মোড় এলাকায় পৌঁছালে রায়হান নামের এক ব্যক্তি সেটি জোরপূর্বক লুট করে নেয়। ঘটনাটি গোপনে ছড়িয়ে পড়লেও সংশ্লিষ্টদের প্রভাবের কারণে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাননি।
তবে ঘটনার রেশ কাটতে না কাটতেই পরদিন নতুন মোড় নেয় পুরো ঘটনা। স্থানীয় সূত্র দাবি করেছে, তেতৈয়া এলাকার রায়হানের কাছ থেকে আজিজ, জুয়েল, বাবু এবং মারুফের ভাই পরিচয়ে কয়েকজন ব্যক্তি পুনরায় ওই ইয়াবার চালান ছিনিয়ে নেয়। এতে জড়িতদের মধ্যে উত্তেজনা ও দ্বন্দ্ব আরও বেড়ে যায়।
একাধিক সূত্র জানিয়েছে, লুট হওয়া ইয়াবার বাজারমূল্য কয়েক কোটি টাকা হতে পারে। তবে সঠিক পরিমাণ বা আর্থিক মূল্য সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।
স্থানীয় সচেতন মহল বলছে, দীর্ঘদিন ধরে উপকূলীয় এলাকা ব্যবহার করে মাদক কারবারিরা ইয়াবা পাচার চালিয়ে আসছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এসব চক্র সক্রিয় থাকায় একের পর এক সংঘর্ষ, লুটপাট ও অপরাধের ঘটনা ঘটছে।
এদিকে ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্বে থাকছে-
কারা নিয়ন্ত্রণ করছে খুরুশখুলের ইয়াবা সিন্ডিকেট, কীভাবে চলে পাচারের রুট এবং কারা রয়েছে জানতে চোখ রাখুন ২য় পর্বে।